ইয়েমেন ও আফ্রিকা বিষয়ে বিশেষজ্ঞ বাড়াবে সিআইএ
বড়দিনে যুক্তরাষ্ট্রগামী বিমানে সন্ত্রাসী হামলার চেষ্টার পর মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ইয়েমেন ও আফ্রিকা বিষয়ে তদারক করতে বিশেষজ্ঞের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সে দেশের গোয়েন্দা ব্যবস্থাকে ঢেলে সাজানোর আহ্বান জানানোর পর পরই সিআইএ তাদের এ পরিকল্পনার কথা জানাল। খবর এএফপির।সিআইএর মুখপাত্র জর্জ লিটল গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, ‘ইয়েমেন ও আফ্রিকা বিষয়ে নজরদারি চালাতে বিশেষজ্ঞের সংখ্যা বাড়ানো হবে। এ দুটি অঞ্চল দীর্ঘ সময় ধরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।’সিআইএর দৃষ্টিতে ইয়েমেন আল-কায়েদার অভয়ারণ্যে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রগামী বিমানে হামলার চেষ্টাকারী নাইজেরিয়ান যুবক ওমর ইয়েমেনে প্রশিক্ষণ নিয়েছে। আল-কায়েদার নাইজেরিয়া শাখাই তাঁকে প্রশিক্ষণ দিয়েছে এবং অস্ত্র সরবরাহ করেছে।জর্জ লিটল বলেন, ‘সন্ত্রাসী হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র সরকারকে আমরা আরও কীভাবে সহায়তা করতে পারি, সেদিকে নজর দেওয়া হচ্ছে। আমরা এ বিষয়টিতে গভীরভাবে দৃষ্টি দিচ্ছি।’