ইয়েমেন সফরে হিলারি ক্লিনটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল মঙ্গলবার এক আকস্মিক সফরে ইয়েমেন গেছেন। তাঁর এই সফরের লক্ষ্য হলো, পশ্চিমা বিশ্ব ও ইয়েমেনের বিরুদ্ধে আল-কায়েদার হুমকি মোকাবিলা-সংক্রান্ত দেশটির প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহকে সহযোগিতা করা। যুক্তরাষ্ট্র-ভিত্তিক বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, ভয়ানক ও বেশি মাত্রার সমস্যার কারণে ইয়েমেন একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে।গত ২০ বছরে মার্কিন কোনো শীর্ষ কূটনীতিকের এটাই প্রথম ইয়েমেন সফর। হিলারি ক্লিনটন বলেন, সফরের উদ্দেশ্য হলো ইয়েমেনের হাজারো সমস্যা মোকাবিলায় সামরিক সহযোগিতার বাইরে একটি ‘সমন্বিত কৌশল’ প্রণয়নের লক্ষ্যে আলোচনা শুরু করা।ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব গড়ার লক্ষ্যে হিলারি ক্লিনটন অর্ধদিনের সফরে এ দেশে এসেছেন। আলী আব্দুল্লাহর সরকার শুধু আরব উপদ্বীপের আল-কায়েদার (একিউএপি) বিরুদ্ধে নয়, উত্তরের বিদ্রোহী ও দক্ষিণের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাচ্ছে। এএফপি।