ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ৯৬ সেনা নিহত
ইয়েমেনের রাজধানী সানার সাবিন স্কয়ারে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯৬ জন সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০০ জন সেনা। গতকাল সোমবার সামরিক পোশাক পরা এক ব্যক্তি সেনাদের মধ্যে ঢুকে নিজের শরীরে থাকা শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা কুচকাওয়াজের জন্য মহড়া দিচ্ছিলেন।দেশটির নতুন প্রেসিডেন্ট আবদ্রাবাহ মনসুর হাদি গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়ে গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রদেশ থেকে আল-কায়েদার জঙ্গিদের উৎখাতের অঙ্গীকার করার পর গতকালের হামলাটি ছিল সবচেয়ে ভয়াবহ।নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসা ও সেনা কর্মকর্তারা হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। সামরিক বাহিনীর কর্মকর্তারা জানান, উত্তর ও দক্ষিণ ইয়েমেনের একত্রীকরণের ২২ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে সেনাবাহিনীর কুচকাওয়াজের জন্য সাবিন স্কয়ারে মহড়া দিচ্ছিলেন সেনারা। সেখানে সরকারের সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সের নেতৃত্ব দেন ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ভাতিজা। ওই সময় সামরিক পোশাক পরা এক ব্যক্তি তার পোশাকের ভেতরে থাকা শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়।বিস্ফোরণের সময় ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ নাসির আহমেদ সেখানে থাকলেও তাঁর কিছু হয়নি বলে সেনা কর্মকর্তারা জানিয়েছেন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সাবিন স্কয়ারে বিস্ফোরণের পর পর লোকজন ছোটাছুটি শুরু করে। খবর পেয়ে দ্রুত ডজন খানেক অ্যাম্বুলেন্স সেখানে ছুটে যায়। হতাহত সেনাদের নেওয়া হয় সানার সাতটি হাসপাতালে। পুরো এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।সাবিন স্কয়ারে প্রায়ই বড় ধরনের সামরিক কুচকাওয়াজের আয়োজন করে থাকে ইয়েমেন সরকার। তাৎক্ষণিকভাবে ভয়াবহ ওই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। হামলার ঘটনার পর শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রেসিডেন্ট সালেহ পদচ্যুত হওয়ার পর গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন হাদি। আজ মঙ্গলবার সামরিক অনুষ্ঠানে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।আত্মঘাতী বোমা হামলার পরও সাবিন স্কয়ারে নির্ধারিত কুচকাওয়াজ হবে কি না, তা পরিষ্কার নয়। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের অশান্ত আবিয়ান প্রদেশে আল-কায়েদার জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক সেনা অভিযান চালানোর ১০ দিনের মধ্যে ওই আত্মঘাতী হামলার ঘটনা ঘটল। জঙ্গিরা গত বছরের মে মাসে আবিয়ান প্রদেশের শহরগুলোতে হামলা চালিয়ে এর নিয়ন্ত্রণ নিয়েছিল। এএফপি।