ইয়েমেনে আবার ড্রোন হামলায় নিহত ২
দক্ষিণ ইয়েমেনের শাবওয়া প্রদেশে ড্রোন থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুই সন্দেহভাজন ইসলামি জঙ্গি নিহত হয়েছে। আল-কায়েদার সম্ভাব্য হামলার কথা ঘোষণা করার পর থেকে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে ড্রোন হামলা জোরদার করেছে।স্থানীয় একজন কর্মকর্তা জানান, ড্রোনের ক্ষেপণাস্ত্র হামলায় একটি গাড়ি প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। এর দুই আরোহীই নিহত হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। কর্মকর্তাটি আর কোনো তথ্য দেননি।এদিকে সোমবার একিউএপি নেতা নাসির আল উহায়শি বলেছেন, তিনি শিগগিরই ইসলামপন্থী জঙ্গি বন্দীদের মুক্ত করতে অভিযান চালাবেন।ইয়েমেনভিত্তিক আল-কায়েদা ইন দি অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) সদস্যদের লক্ষ্য করে চালানো চলমান মার্কিন ড্রোন হামলায় মাত্র দুই সপ্তাহের কিছু বেশি সময়ে অন্তত ৩৭ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ভাষ্য মতে, আল-কায়েদার এ শাখাটিই সবচেয়ে বেশি শক্তিশালী।মার্কিন গোয়েন্দারা একিউএপি নেতা নাসির আল উহায়শি ও আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরির মধ্যে যোগাযোগ ধরে ফেলার পর ড্রোন হামলা অভিযান জোরদার করা হয়। এএফপি।