ইয়েমেনে আবারও ব্যাপক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজধানী সানায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। এদিকে সিরিয়ায় অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিক্ষোভকারীরা রাজধানী সানার চারটি পৃথক স্থানে কমন ফোরামের ব্যানারে সমবেত হয়। তারা প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। তারা জানায়, ‘আপনি (আলী আবদুল্লাহ) ৩০ বছরেরও বেশি সময় ক্ষমতায় আছেন। অনেক হয়েছে, আর না।’ বিক্ষোভকারীরা ‘প্রেসিডেন্টের মেয়াদ আর বৃদ্ধি নয়’, ‘পরিবর্তনের এটাই সময়’ ইত্যাদি স্লোগান দেয়। বিরোধীদের বিক্ষোভ কর্মসূচির জবাবে প্রেসিডেন্ট সালেহর ক্ষমতাসীন জেনারেল পিপলস কংগ্রেসের নেতা-কর্মীরা একই সময়ে চারটি পৃথক স্থানে সরকারের সমর্থনে সমাবেশের আয়োজন করেন। তাঁরা এ সময় সরকারের পক্ষে নানা স্লোগান লেখা ব্যানার বহন করেন। এদিকে,. সিরিয়া ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রবল বিক্ষোভের মুখে তিউনিসিয়ার প্রেসিডেন্ট জয়নুল আবেদীন বেন আলী দেশ ছেড়ে পালানোর পর অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরা গত বুধবার এ কথা জানিয়েছে। সিরিয়ার ইন্টারনেট ব্যবহারকারীরা জানায়, দেশটির কর্তৃপক্ষ মোবাইল ফোনে ফেসবুক ব্যবহারের দুটি প্রোগ্রাম ‘নিমবাজ’ ও ‘ইবাড্ডি’ বন্ধ করে দিয়েছে। এ ছাড়া বার্তা পাঠানোর অন্য প্রোগ্রামগুলোও কাজ করছে না। সিরিয়ায় মোবাইল ফোনে ফেসবুক চ্যাটিং জনপ্রিয়তা পেয়েছে।দ্য বাথ পার্টি ১৯৬৩ সাল থেকে সিরিয়া শাসন করছে। সে সময় দেশটিতে সব বিরোধী দল নিষিদ্ধ করে জারি করা জরুরি অবস্থা এখনো বহাল আছে। সিরিয়ার মিডিয়া অ্যান্ড ফ্রিডম অব এক্সপ্রেশন সেন্টারের প্রধান মাজেন দায়িস বলেন, তিউনিসিয়ায় বিক্ষোভের পর সিরিয়ার অবস্থার অবনতি হচ্ছে। এই প্রতিষ্ঠানটি তিন বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে। সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত গণমাধ্যমে তিউনিসিয়ার প্রেসিডেন্টের ক্ষমতাচ্যুতির বিষয়টিকে বিকৃতভাবে তুলে ধরা হয়েছে। দামেস্কর একটি পত্রিকায় পশ্চিমের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তাঁর পতন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গে দেশটির কর্তৃপক্ষ কিছু জানায়নি। এএফপি, রয়টার্স ও বিবিসি।