ইয়েমেনে আল-কায়েদা হটিয়ে তৃতীয় নগরের নিয়ন্ত্রণ নিল সেনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদা যোদ্ধাদের হটিয়ে ইয়েমেনের সেনারা গতকাল শুক্রবার সুকরা নগরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। গত এক সপ্তাহে এ নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলে জঙ্গি ঘাঁটি বলে পরিচিত তৃতীয় আরেকটি নগরের পতন ঘটল।একজন সেনা কর্মকর্তা বলেন, সেনাবাহিনী সুকরার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। সেনারা এখন নগরের কেন্দ্রে অবস্থান করছে। স্থানীয় এক সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, আল-কায়েদা যোদ্ধারা শাবওয়া প্রদেশের আজ্জান নগরের দিকে পালিয়ে গেছে। তিন দিক থেকে সেনারা সাঁড়াশি আক্রমণ শুরুর পর তারা পালাতে বাধ্য হয়।সুকরা ছিল আবিয়ান প্রদেশে আল-কায়েদার সর্বশেষ শক্ত ঘাঁটি। তাদের কাছ থেকে এর নিয়ন্ত্রণ নিতে সেনারা গত মাস থেকেই সর্বাত্মক অভিযান শুরু করে। অভিযানের মুখে মঙ্গলবার জার ও জিনজিবার নগরের পতন ঘটে। নগরগুলোর পতনের ফলে প্রদেশটিতে এখন জঙ্গিদের হাতে কেবল ছোট শহর আল-মাহফাদেরই নিয়ন্ত্রণ অবশিষ্ট রইল।রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, সুকরার নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে ৪০ জঙ্গিসহ অন্তত ৪৮ জন নিহত হয়। এএফপি।