ইয়েমেনে গুলি করে সাত পুলিশকে হত্যা করেছে জঙ্গিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে গতকাল রোববার আল-কায়েদার জঙ্গিরা পুলিশের সাত সদস্যকে গুলি করে হত্যা করেছে। এর এক দিন আগে সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে ৪০ জন নিহত হয়।ইয়েমেনের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, হাদ্রামাউত প্রদেশের শিবাম নগরে পুলিশের একটি তল্লাশি চৌকিতে গুলি করে সাতজনকে হত্যা করা হয়। প্রথমে আল-কায়েদার কয়েকজন সদস্য দুটি গাড়িতে করে ওই তল্লাশি চৌকিতে যান। এরপর তাঁরা মেশিনগান দিয়ে নির্বিচারে গুলি চালান।আরেক নিরাপত্তা কর্মকর্তা জানান, শনিবার দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশে আল-কায়েদার বন্দুকধারীরা মোটরসাইকেল থেকে এক গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে আহত করেন।গত ফেব্রুয়ারিতে আলী আবদুল্লাহ সালেহ তাঁর সহকারী আবদরাব্বু মনসুর হাদির কাছে প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর করেন। এর পর থেকে ইয়েমেনে আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট পারটিসান্স অব শরিয়াহ নামের একটি গোষ্ঠীর সদস্যরা বেশ কয়েকটি হামলা চালান।গত শনিবার লাহিজ প্রদেশে ইসলামি জঙ্গিরা কয়েকটি সেনাঘাঁটি দখলের চেষ্টা চালায়। এ সময় সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে ৪০ জন নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ২৮ জন সেনা ও ১২ জন জঙ্গি রয়েছে। এএফপি।