এদিকে গতকাল রাজধানী সানায় বিক্ষোভ চলাকালে সরকারের সমর্থক সন্ত্রাসীদের গুলিতে কমপক্ষে ৩৯ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায়২০০ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সানা বিশ্ববিদ্যালয় এলাকার সানা চত্বরসংলগ্ন তাঁবুগুলো থেকে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে স্লোগান ভেসে আসছিল। এ সময় ওই সব তাঁবু লক্ষ্য করে প্রেসিডেন্টের সমর্থক সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। চিকিৎসকেরা জানিয়েছেন, গুলিতে কমপক্ষে ৩৯ জন বিক্ষোভকারী নিহত ও প্রায়২০০ জন আহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানান, হতাহতদের বেশির ভাগেরই মাথা, গলা ও বুকে গুলি লাগে। প্রেসিডেন্ট সালেহর পদত্যাগের দাবিতে গত ২১ ফেব্রুয়ারি থেকে হাজার হাজার বিক্ষোভকারী সানা চত্বরে তাঁবু করে অবস্থান করছে। প্রেসিডেন্ট সালেহ ১৯৭৮ সাল থেকে দেশটির ক্ষমতায় আছেন। এর আগে ওই বিশ্ববিদ্যালয় এলাকায় গত বুধবার রাতে মুখোশধারীদের হামলায় পাঁচ বিক্ষোভকারী আহত হয়। এর দুদিন পরই রক্তক্ষয়ী এ ঘটনাটি ঘটল। সরকারবিরোধী আন্দোলনকারীরা জানিয়েছে, সন্ত্রাসীদের হাতে বন্দুক, চাকু ও লাঠির মতো অস্ত্র ছিল। এএফপি, বিবিসি।