ইয়েমেনে জাতীয় মতৈক্যের সরকার গঠনের ঘোষণা
ইয়েমেনে কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে জাতীয় মতৈক্যের সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। গতকাল বৃহস্পতিবার এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন।এদিকে টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট সালেহ নতুন একটি সংবিধানের ব্যাপারে গণভোটের আয়োজন করার অঙ্গীকার করেছেন। পাশাপাশি বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন তিনি। তবে প্রেসিডেন্ট সালেহর এসব ঘোষণা প্রত্যাখ্যান করে তাঁর পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে আন্দোলনকারী বিরোধী জোট।ইয়েমেনের রাজধানী সানায় এক রাজনৈতিক সমাবেশে প্রেসিডেন্ট সালেহ বলেন, ‘নির্বাচনসংক্রান্ত নতুন একটি আইন করতে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা হবে।’ টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট সালেহ বলেন, ‘সহিংসতা এড়ানোর জন্য আমি নতুন উদ্যোগের প্রস্তাব করছি। প্রেসিডেন্ট ও পার্লামেন্টের মধ্যে ক্ষমতার ভাগাভাগির জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করা হবে। আর নতুন এই সংবিধানের ব্যাপারে চলতি বছরের শেষের দিকে গণভোটের আয়োজন করা হবে।’সানা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সহিংসতায় এক ব্যক্তি নিহত হওয়ার পরদিন প্রেসিডেন্ট সালেহ জাতীয় ঐকমত্যের সরকার ও নতুন সংবিধানের ব্যাপারে গণভোটের ঘোষণা দিলেন। তাঁর এই ঘোষণা প্রত্যাখ্যান করেছে দেশটির বিরোধী জোট। প্রেসিডেন্ট সালেহর এই ঘোষণার এক ঘণ্টার মধ্যে বিরোধী দলের মুখপাত্র মোহাম্মদ আল সাবরি বলেন, সংস্কারের জন্য প্রেসিডেন্টের এই ঘোষণা অনেক দেরি হয়ে গেছে। এখন জনগণ তাঁর পদত্যাগ চায়। প্রেসিডেন্ট পদত্যাগ না করা পর্যন্ত জনগণের এই আন্দোলন চলবে।আরব বিশ্বে আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ইয়েমেন। কয়েক সপ্তাহ আগে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর ওয়াশিংটনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। তবে পদত্যাগের জন্য প্রেসিডেন্ট সালেহর ওপর চাপ সৃষ্টি করা হয়নি।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার গত বুধবার সানা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভকারীদের প্রতি ‘অতিরিক্ত বলপ্রয়োগের’ ঘটনার তদন্তের জন্য ইয়েমেন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নে বলেন, ওয়াশিংটন চায় ইয়েমেনের নেতৃত্ব দেশটিতে রাজনৈতিক সংস্কারের দিকে মনোযোগ দিক।ইয়েমেনে ৩২ বছর ধরে ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। বিরোধীদের ওপর দমন-পীড়ন, জুলুম এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে কয়েক সপ্তাহ ধরে প্রেসিডেন্ট সালেহর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিরোধীরা। এই আন্দোলনে এ পর্যন্ত অন্তত ৩০ জন নিহত হয়েছে। রয়টার্স ও এএফপি।