ইয়েমেনে নতুন করে সহিংসতা, ভেস্তে গেছে যুদ্ধবিরতি
ইয়েমেনের রাজধানী সানায় গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট আলী অবদুল্লাহ সালেহর অনুগত বাহিনী ও বিরোধী উপজাতি গোষ্ঠীর সদস্যদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয়েছে। এর মধ্য দিয়ে তাদের মধ্যকার যুদ্ধবিরতি ভেস্তে গেছে। গত শনিবার সালেহ ও উপজাতি নেতা শেখ সাদিক আল আহমার এই যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হন। মানবাধিকার সংস্থার তথ্যমতে, গত রোববারের পর থেকে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।যুদ্ধবিরতি ভঙ্গ ও দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ এবং হাশিদ উপজাতি নেতা সাদিক আল আহমার পরস্পরকে দায়ী করেছেন। একজন সরকারি কর্মকর্তা বলেন, ‘যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়েছে।’ যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর উপজাতি বাহিনী রাজধানী সানার হাসাব এলাকায় সরকারি ভবনগুলো আবারও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল তায়েজ শহরে বিক্ষোভকারীদের সমাগম ঠেকাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি ছোড়ে। এতে তায়েজের কেন্দ্রস্থলে পাঁচজন নিহত হয়। এ ছাড়া তায়েজে প্রবেশের চেষ্টাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও দুই বিক্ষোভকারী নিহত হয়।এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় জিনজিবার শহরের কাছে সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিদের হামলায় গতকাল চার সেনা নিহত ও আরও ১০ জন আহত হয়েছে। একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে ওই হামলার ঘটনা ঘটে। এ সময় জঙ্গিরা সামরিক বাহিনীর ১০টি গাড়ি লক্ষ্য করে গুলিও ছোড়ে। গত শনিবার আল-কায়েদা জিনজিবার শহর দখল করে নেয়।গত সোমবার সরকারি সেনা ও উপজাতি বাহিনীর মধ্যে রাতভর গুলিবিনিময় হয়। হাশিদ উপজাতি প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার পর থেকে সরকারি বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। এদিন জিনজিবারের জঙ্গি অধ্যুষিত এলাকাগুলোতে সামরিক বাহিনী বিমান থেকে বোমা বর্ষণ করে। এতে ১৩ জনের প্রাণহানি হয়। এ সময় অনেক ভবনেও বোমা আঘাত হানে।একই দিন জঙ্গিদের অতর্কিত হামলায় তিন সেনা নিহত হয়। এর আগের দিন একই ধরনের হামলায় আরও ছয় সেনার প্রাণহানি হয় বলে কর্মকর্তারা জানান।জাতিসংঘের মানবাধিকার সংস্থার একটি বিবৃতিতে বলা হয়েছে, গত রোববারের পর থেকে তায়েজে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। ধারণা করা হচ্ছে, অন্তত ১০০ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার নভি পিল্লাই এসব ঘটনার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি উভয়পক্ষকে লড়াই থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের প্রতিশোধমূলক সহিংসতার ঘটনা এবং নিরস্ত্র বেসামরিক লোকজনের ওপর নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্বিচার হামলা অবশ্যই বন্ধ করতে হবে। এএফপি ও রয়টার্স।