ইয়েমেনে নির্বাচন ২১ ফেব্রুয়ারি
২০১২ সালের ২১ ফেব্রুয়ারি ইয়েমেনের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ভাইস প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি এ ঘোষণা দিয়েছেন।ক্ষমতা হস্তান্তর চুক্তির আওতায় প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো। চুক্তি অনুযায়ী, বিচার থেকে দায়মুক্তির বিনিময়ে ভাইস প্রেসিডেন্ট হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। কয়েক মাস বিলম্বের পর গত বুধবার ওই চুক্তি সই করেন প্রেসিডেন্ট সালেহ।সৌদি আরবের রাজধানী রিয়াদে বিরোধীদের সঙ্গে ক্ষমতা হস্তান্তর চুক্তি সইয়ের পর গত শনিবার দেশে ফেরেন প্রেসিডেন্ট সালেহ।গত শনিবার সরকারি বার্তা সংস্থা সাবায় প্রচারিত ভাইস প্রেসিডেন্ট মনসুর হাদি স্বাক্ষরিত এক ঘোষণায় বলা হয়, প্রজাতন্ত্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিতে ইয়েমেনের জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে। ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হবে। ঘোষণায় আরও বলা হয়, সুপ্রিম কমিশন ফর ইলেকশন অ্যান্ড রেফারেন্ডামের ব্যবস্থাপনায় নির্বাচন অনুষ্ঠিত হবে।ক্ষমতা হস্তান্তর চুক্তি সানার চেঞ্জ স্কয়ারে জড়ো হওয়া বিক্ষোভকারীদের শান্ত করতে পারেনি। রয়টার্স ও বিবিসি।