ইয়েমেনে প্রেসিডেন্ট পদে শপথ নিলেন মনসুর হাদি
ইয়েমেনের নতুন প্রেসিডেন্ট আবদু-রাব্বু মনসুর হাদি শপথ নিয়েছেন। দেশটির পার্লামেন্টের সামনে গতকাল শনিবার এ শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।শপথ অনুষ্ঠানের পর জতির উদ্দেশে দেওয়া ভাষণে নতুন প্রেসিডেন্ট আল-কায়েদাবিরোধী লড়াই অব্যাহত রাখা এবং দেশেজুড়ে শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করে বলেন, আল-কায়েদার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা দেশপ্রেমমূলক ও ধর্মীয় দায়িত্ব। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে।সাবেক প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর উত্তরসূরি নির্ধারণে চলতি সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন মনসুর হাদি। যুক্তরাষ্ট্রের সমর্থন ও উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর সহযোগিতায় ইয়েমেনে ক্ষমতার এ পালাবদল হয়। প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন ৬০ শতাংশেরও বেশি ভোটার। এ নির্বাচনের মাধ্যমে চতুর্থ আরব স্বৈরশাসক ক্ষমতা থেকে অপসারিত হলেন। এক বছরেরও বেশি সময় ধরে গণ-আন্দোলন ও লড়াইয়ের পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে অনেক পরিবর্তন এসেছে। নতুন প্রেসিডেন্ট মনসুর হাদি আগামীকাল সোমবার দায়িত্ব বুঝে নেবেন। তাঁর অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ৩৩ বছর ধরে ইয়েমেন শাসনকারী সাবেক প্রেসিডেন্ট সালেহ। যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে তিনি গত শুক্রবার দেশে ফিরে আসেন। গত বছরের জুনে এক বোমা হামলায় আহত হয়েছিলেন সালেহ। রয়টার্স।আত্মঘাতী হামলায় ২৬ সেনা নিহতইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ২৬ সেনাসদস্য নিহত ও বহু লোক আহত হয়েছে। হাদ্রামাওত প্রদেশের রাজধানী মুকাল্লায় অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে গতকাল শনিবার এ হামলা হয় বলে নিশ্চিত করেছে স্থানীয় হাসপাতাল ও সামরিক সূত্র।একজন সামরিক কর্মকর্তা বলেন, পিক-আপ ট্রাক চালিয়ে আত্মঘাতী বোমা হামলাকারী এক ব্যক্তি মুকাল্লার প্রেসিডেন্ট প্রাসাদের প্রবেশপথে নিয়ে যাওয়ার পর পরই সেখানে বিস্ফোরণ ঘটে। ইবনে সিনা হাসপাতাল সূত্র জানায়, ২৬ সেনাসদস্যের লাশ শবাগারে নেওয়া হয়েছে।নিহত ২৬ জন ইয়েমেন সেনাবাহিনীর রিপাবলিকান গার্ড শাখার সদস্য। সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর ছেলে আহমেদ সালেহ সেনাবাহিনীর ওই শাখাটির নেতৃত্ব দেন। এএফপি।