ইয়েমেনে বিক্ষোভ-মিছিলে গুলি একজন নিহত, আহত ৮০
ইয়েমেনের রাজধানী সানায় গত মঙ্গলবার রাতে সরকারবিরোধী বিক্ষোভ-মিছিলে গুলি ছুড়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় আহত একজন বিক্ষোভকারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে গতকাল বুধবার। নিরাপত্তা বাহিনীর গুলি, গ্যাস ও লাঠিপেটায় কমপক্ষে ৮০ জন বিক্ষোভকারী আহত হয়।চিকিৎসকেরা জানান, সানা বিশ্ববিদ্যালয়ের বাইরে মঙ্গলবার প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়েন। এ ছাড়া বিক্ষোভকারীদের তাঁরা বেধড়ক লাঠিপেটা করেন। এতে কমপক্ষে ৮০ জন আহত হয়। এর মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়।নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান, ওই সময় ১২ জন পুলিশ সদস্য আহত হন। চিকিৎসা কর্মকর্তারা জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করতে গিয়ে চিকিৎসকেরাও নিরাপত্তা বাহিনীর নিপীড়ন থেকে রক্ষা পাননি।বিক্ষোভকারীদের ওপর এই হামলার নিন্দা জানিয়েছে ইয়েমেনি পার্লামেন্টে বিরোধী দলগুলোর জোট ‘কমন ফোরাম’। ফোরামের মুখপাত্র মুহাম্মদ কাহতান এক বিবৃতিতে বলেন, ছাত্রদের বিরুদ্ধে কেন্দ্রীয় নিরাপত্তা ও রিপাবলিকান গার্ডদের এ বর্বরতার জন্য সালেহই দায়ী। এএফপি, রয়টার্স ও বিবিসি।