ইয়েমেনে বিক্ষোভকারীদের ওপর গুলি, নিহত পাঁচ, চুক্তি বাস্তবায়ন চান ওবামা
ইয়েমেনে বিক্ষোভকারীদের ওপর আবারও গুলি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানী সানায় প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর অনুগতদের এ গুলিতে পাঁচ বিক্ষোভকারী নিহত হয়। চিকিৎসাকর্মীরা এ কথা জানান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অবিলম্বে ইয়েমেনে ক্ষমতা হস্তান্তরের চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।এর আগে গত বুধবার সৌদি আরবের রিয়াদে ইয়েমেনের ক্ষমতা হস্তান্তরের চুক্তি হয়। ওই চুক্তিতে প্রেসিডেন্ট সালেহকে বিচার থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভকারীরা ক্ষমতা হস্তান্তর চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ করছিল।ওই চুক্তি অনুযায়ী, প্রেসিডেন্ট সালেহ ভাইস প্রেসিডেন্ট আবদরাবুহ মনসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তবে ৯০ দিনের জন্য সাম্মানিক প্রেসিডেন্ট পদে থাকবেন সালেহ।রাজধানী সানার চেঞ্জ স্কয়ারে স্থাপিত অস্থায়ী হাসপাতালের চিকিৎসাকর্মীরা জানান, পাঁচ বিক্ষোভকারীই গুলিতে প্রাণ হারিয়েছে। তাঁরা জানান, এ ঘটনায় আরও ৩৪ জন আহত হয়েছে।সাংবাদিকেরা জানান, বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রস্থলের দিকে যাওয়ার সময় সাদা পোশাকের বন্দুকধারীরা তাদের ওপর গুলি চালায়। বন্দুকধারীদের সালেহর ‘গুন্ডা’ হিসেবে বর্ণনা করেছে বিক্ষোভকারীরা।পার্লামেন্টের বিরোধী পক্ষের সঙ্গে চুক্তিতে প্রেসিডেন্ট সালেহ ও তাঁর পরিবারের সদস্যদের বিচার থেকে অব্যাহতি দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এর বিরুদ্ধে গণবিক্ষোভের ডাক দেয় বিক্ষোভকারীরা।বিক্ষোভকারীরা ইসলামপন্থী আল-ইসলাহ পার্টির নেতৃত্বাধীন পার্লামেন্টে বিরোধী ব্লক কমন ফোরামের বিরুদ্ধেও স্লোগান দেয়।স্থানীয় বাসিন্দারা জানান, হামলার পর বিক্ষোভকারীরা চেঞ্জ স্কয়ারে ফিরে যায়।বিক্ষোভের আয়োজকেরা জানান, একই দাবিতে ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম নগর তায়েজেও বিক্ষোভ করেছে হাজারো বিক্ষোভকারী।প্রেসিডেন্ট ওবামা গত বুধবার লিখিত এক বিবৃতিতে বলেন, চুক্তির শর্ত বাস্তবায়নে অবিলম্বে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে। ওবামা বলেন, ক্ষমতা হস্তান্তরের এই সময়ে ইয়েমেনি জনগণের পাশে আগের মতো থাকবে যুক্তরাষ্ট্র। সহিংসতা ও কঠিন পরিস্থিতির মধ্যে ‘সাহস ও অবিচল’ থেকে দেশের পরিবর্তনে আন্দোলন অব্যাহত রাখার জন্য ইয়েমেনি জনগণের প্রশংসা করেন তিনি। এএফপি।