ইয়েমেনে মন্ত্রীকে হত্যাচেষ্টার পর শীর্ষ পদে রদবদল
ইয়েমেনের প্রেসিডেন্ট গত মঙ্গলবার রাতে নিরাপত্তাবিষয়ক শীর্ষ কর্মকর্তা ও মন্ত্রী পর্যায়ে বেশ কিছু রদবদল এনেছেন। সরকারের ওপর সাবেক নেতা আলী আবদুল্লাহ সালেহর প্রভাব কমাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রীকে হত্যাচেষ্টার পর এ পদক্ষেপ নেওয়া হলো।রাজধানী সানায় গত মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসির আহমদের গাড়িবহরে বোমা হামলা চালানো হয়। এ সময় তিনি প্রাণে বেঁচে গেলেও তাঁর দেহরক্ষীসহ ১২ জন নিহত হন।নতুন সামরিক গোয়েন্দাপ্রধান করা হয়েছে আহমেদ আল-ইয়াফিকে। আর জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রধান করা হয়েছে আলী হাসান আল-আহমাদিকে।গত বছর গণ-আন্দোলন শুরুর পর থেকেই মূলত ইয়েমেনে অস্থিতিশীলতা বিরাজ করছে। ওই আন্দোলনের ফলে প্রেসিডেন্ট সালেহ তাঁর ভাইস প্রেসিডেন্ট আবদ-রাব্বু মানসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানায়, হাদি তাঁর নতুন তেল ও খনিজমন্ত্রী হিসেবে আহমেদ দারেস এবং উচ্চশিক্ষামন্ত্রী হিসেবে হেশাম শারফকে নিয়োগ দিয়েছেন। রয়টার্স।