ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় তিন ‘জঙ্গি’ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেনের আল-বায়েদা প্রদেশে গত শনিবার যুক্তরাষ্ট্রের ড্রোন (চালকবিহীন বিমান) হামলায় আল-কায়েদার তিনজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে ইয়েমেনের বিভিন্ন স্থানে চারবার ড্রোন হামলা চালানো হলো।কর্মকর্তারা জানান, আল-বায়েদার রাদা অঞ্চলের আল-মানাসিহ গ্রামের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে মারা হলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে স্থানীয় নামকরা জঙ্গি সালেহ মোহাম্মদ আল-আমেরি রয়েছেন। তা ছাড়া এ হামলায় আরও দুজন জঙ্গি আহত হয়।এর আগে শুক্রবার পূর্বাঞ্চলীয় হাদরামাওত প্রদেশের শেহের শহরে ড্রোন হামলায় আল-কায়েদার দুজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। একইভাবে সোমবারের হামলায় রাদা ও শেহের শহরে আরও ছয়জন নিহত হয়। তাঁদের মধ্যে জর্ডানের একজন নাগরিকও রয়েছেন। এএফপি।