ইয়েমেনে মার্কিন দূতাবাসে ঢুকে ব্যাপক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাণের ঘটনায় বিক্ষুব্ধ লোকজন গতকাল বৃহস্পতিবার ইয়েমেনে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে। তারা দূতাবাসের ভেতরে ঢুকে পড়ে। এ সময় দূতাবাসের ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। পরে পুলিশ সেখান থেকে বিক্ষোভকারীদের তাড়িয়ে দেয়।যুক্তরাষ্ট্রে নির্মিত ইনোসেন্স অব মুসলিমস নামের একটি চলচ্চিত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে বিদ্রূপ করা হয়েছে—এমন অভিযোগ এনে গত মঙ্গলবার লিবিয়ার বেনগাজি শহরে মার্কিন কনস্যুলেটে হামলা চালানো হয়। এ সময় সেখানে আগুন ধরে গেলে লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স ও অন্য তিন মার্কিন নাগরিক নিহত হন। একই ঘটনা নিয়ে গত বুধবার মিসরের রাজধানী কায়রোতে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসের বাইরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক হাজার বিক্ষোভকারী গতকাল ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন দূতাবাসে হামলা করে। তারা এ সময় ‘ও আল্লাহর রাসুল... ও মুহাম্মদ (সা.)’ বলে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে বিক্ষোভকারীরা দূতাবাসের বেষ্টনী অতিক্রম করে ভেতরে ঢুকে পড়ে। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের নিবৃত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে কাঁদানে গ্যাস, জলকামান ও গুলি ছুড়ে বিক্ষোভকারীদের সেখান থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয় পুলিশ। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা ওই দূতাবাস ভবনের ভেতরে আগুন জ্বলতে দেখেছি। পুলিশ তখন ফাঁকা গুলি ছুড়ছিল। এরপর বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যায়।’বিক্ষুব্ধ জনতাকে দূতাবাস ভবনের বাইরে বের করতে পুলিশ সক্ষম হলেও ভবনটির বাইরেই তারা অবস্থান করছিল। দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, দূতাবাসের কেউ হতাহত হয়নি। দূতাবাসটির সব কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এএফপি ও বিবিসি।