ইয়েমেনে মার্কিন হামলায় গুচ্ছ বোমা ব্যবহূত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় গ্রামীণ এলাকায় গত বছর ডিসেম্বরে মার্কিন হামলায় গুচ্ছ বোমা ব্যবহার করা হয়েছিল। ওই হামলায় নারী ও শিশুসহ ৫৫ জন নিহত হয়। গতকাল সোমবার লন্ডন-ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক বিবৃতিতে এ কথা বলা হয়। বিবৃতির সঙ্গে অ্যামনেস্টি যুক্তরাষ্ট্রে নির্মিত একটি টমাহক ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ ও অবিস্ফোরিত গুচ্ছ বোমার ছবি প্রকাশ করে। এই বোমাগুলো গত বছর ১৭ ডিসেম্বর ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় অ্যাবিয়ান প্রদেশের গ্রামীণ এলাকা আল-মাজালায় ফেলা হয়। গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত ইয়েমেনি পার্লামেন্টারি কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে অ্যামনেস্টি জানায়, নিহত ৫৫ জনের মধ্যে ১৪ জন আল-কায়েদা জঙ্গি ও ৪১ জন স্থানীয় বেসামরিক লোক। এর মধ্যে ২৩টি শিশু ও ১৭ জন নারী। অ্যামনেস্টির অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক গবেষক মাইক লুইস বলেন, ইয়েমেনে গুচ্ছ বোমা ব্যবহারের প্রমাণ পেয়ে অ্যামনেস্টি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, গুচ্ছ বোমা নির্বিচারে ধ্বংসযজ্ঞ ঘটায়। অবিস্ফোরিত গুচ্ছ বোমা বছরের পর বছর ধরে জীবন ও জীবিকার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক কর্মসূচির উপপরিচালক ফিলিপ লুথার বলেন, সন্দেহভাজন জঙ্গিদের আটকের চেষ্টা না করে তাদের বিরুদ্ধে এ ধরনের সেনা অভিযান একেবারেই বেআইনি। তিনি বলেন, হামলায় অনেক নারী ও শিশু হতাহতের ঘটনায় এটাই প্রমাণিত হয়, এটি ছিল সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন একটি হামলা, যেখানে গুচ্ছ বোমা ব্যবহার করা হয়েছে। এর আগে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার কথা স্বীকার করে বলেছিল, আল-কায়েদার একটি প্রশিক্ষণ শিবিরে ওই হামলায় ২৪ থেকে ৩০ জন জঙ্গি নিহত হয়। তবে তারা যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা উল্লেখ করেনি। স্থানীয় একজন কর্মকর্তার ভাষ্য, ওই বেপরোয়া হামলায় ২৩ জন শিশু ও ১৭ জন নারীসহ ৪৯ জন বেসামরিক লোক নিহত হয়।অ্যামনেস্টি ইতিমধ্যে এ হামলা সম্পর্কে তথ্য সরবরাহের চন্য পেন্টাগনকে অনুরোধ জানিয়েছে। কিন্তু পেন্টাগন এখনো এ ব্যাপারে সাড়া দেয়নি। এএফপি ও বিবিসি।