ইয়েমেনে শপথ নিয়েছে ঐকমত্যের সরকার
ইয়েমেনে জাতীয় ঐকমত্যের সরকার শপথ নিয়েছে। গতকাল শনিবার রাজধানী সানার রিপাবলিকান প্যালেসে নতুন সরকারের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। এদিকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহবিরোধী জনতার সঙ্গে সহিংসতায় গত শুক্রবারও এক সেনা নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তা সংস্থা সাবায় প্রচারিত এক বিবৃতিতে জানানো হয়, ৩৪ সদস্যবিশিষ্ট জাতীয় ঐকমত্যের সরকার শপথ নিয়েছে। শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট আবদ্-রাব্বু মানসুর হাদি। নতুন সরকার তিন মাস ইয়েমেনের ক্ষমতায় থাকবে। আগামী ফেব্রুয়ারি মাসে দেশটিতে নির্বাচন করাই হবে এ সরকারের প্রধান কাজ।৩৪ সদস্যের সরকারে প্রেসিডেন্ট সালেহবিরোধী রাজনৈতিক জোট কমন ফোরামের অর্ধেক সদস্য রয়েছেন। বাকি অর্ধেক প্রেসিডেন্ট সালেহর সমর্থক বলে পরিচিত। গত ২৩ নভেম্বর প্রতিবেশী দেশগুলোর নেতাদের মধ্যস্থতায় শর্তসাপেক্ষে ক্ষমতা ছাড়তে রাজি হন প্রেসিডেন্ট সালেহ। সে অনুযায়ী চুক্তি হয়। ওই চুক্তির আওতায় সালেহবিরোধী অর্ধেক সদস্য নতুন সরকারে স্থান পান। চুক্তি অনুযায়ী প্রেসিডেন্ট সালেহ ভাইস প্রেসিডেন্ট মানসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। চুক্তিতে প্রেসিডেন্ট সালেহ ও তাঁর স্বজনদের কোনো বিচারের আওতায় আনা যাবে না বলেও শর্ত দেওয়া রয়েছে।ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাজধানী সানায় সহিংসতায় এক সেনা নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে দেশটির উত্তরাঞ্চলের হাসাবা এলাকায় সহিংসতার জন্য দেশটির আদিবাসী গোষ্ঠী আহমারকে দায়ী করা হয়েছে। এদিকে প্রেসিডেন্ট সালেহবিরোধীরা অভিযোগ করেছে, সানার উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় প্রেসিডেন্ট সালেহর এক ভাইয়ের নেতৃত্বাধীন সেনা ইউনিট রিপাবলিকান গার্ড গতকাল চুক্তি ভঙ্গ করে গোলা ছোড়ে। এতে অন্তত এক ব্যক্তি আহত হয়।প্রেসিডেন্ট সালেহর শর্ত সাপেক্ষে ক্ষমতা ছাড়ার চুক্তি সইয়ের প্রায় তিন সপ্তাহ হয়ে গেলেও ইয়েমেনের কোনো কোনো শহরে এখনো বিক্ষোভ চলছে। তারা বিরোধী জোট কমন ফোরামের সঙ্গে প্রেসিডেন্ট সালেহর চুক্তি প্রত্যাখ্যান করেছে। বিশেষ করে সালেহ ও তাঁর স্বজনদের বিচারের আওতায় না আনার বিষয়টি মানতে চাইছেন না বিক্ষোভকারীরা।এই পরিস্থিতির মধ্যেও গত শুক্রবার তায়িজ শহর থেকে নিরাপত্তা বাহিনী সরিয়ে নেওয়া হয়েছে। সালেহবিরোধীরাও তায়িজ শহর থেকে তাদের সশস্ত্র সমর্থকদের প্রত্যাহার করে নিয়েছে।ইয়েমেনে প্রায় ৩৩ বছর ধরে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। তাঁকে হটানোর দাবিতে গত জানুয়ারিতে আন্দোলন শুরু হয়। দেশটির পার্লামেন্টের বিরোধী জোট দ্য কমন ফোরাম প্রেসিডেন্ট সালেহর নিপীড়ন, জুলুম আর দুর্নীতির অভিযোগ এনে এই আন্দোলনে নেতৃত্ব দেয়। এএফপি, রয়টার্স।