ইয়েমেনেও প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভ, আটক ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়ার পর এবার প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে ইয়েমেনে। প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে গত শনিবার সেখানে প্রথমবারের মতো বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। ৩০ জনকে আটক করেছে পুলিশ।প্রেসিডেন্ট সালেহ ৩২ বছর ধরে দেশ শাসন করছেন। দুর্নীতিসহ তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ আছে দেশের মানুষের। আরববিশ্বের মধ্যে তারা সবচেয়ে গরিব। দেশে রাজনৈতিক স্বাধীনতা নেই বললেই চলে। তা ছাড়া আল-কায়েদাবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিত্রতার বিষয়টিও দেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। সব মিলিয়ে পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে।তার পরও প্রেসিডেন্টের বিরুদ্ধে সরাসরি বিক্ষোভ করার মতো সাহস এখনো দেশের মানুষ করে উঠতে পারছে না। শনিবারের বিক্ষোভও রাজপথে অনুষ্ঠিত হয়নি। তা সীমাবদ্ধ ছিল সানা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই।প্রায় আড়াই হাজার শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী এবং বিরোধী নেতা-কর্মী যোগ দেন ওই বিক্ষোভে। এ সময় তাঁরা প্রেসিডেন্টবিরোধী স্লোগান দেন। প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলীর সঙ্গে তুলনা করেন বিক্ষোভকারীরা।বিক্ষোভকারীরা স্লোগন দেন, ‘বিদায় নাও, বিদায় নাও আলী। তোমার বন্ধু বেন আলীর সঙ্গে যোগ দাও।’ বিক্ষোভের আয়োজকদের একজন ফুয়াদ দাহাবা বলেন, ‘প্রতিবাদ-বিক্ষোভ সবে শুরু, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা থামব না।’ইসলামিক আইনপ্রণেতা এবং শিক্ষক সংগঠনের নেতা ফুয়াদ দাহাবা আরও বলেন, ‘আমরা সানার রাজপথে বিক্ষোভে নামব। প্রেসিডেন্টপ্রাসাদের সামনে বিক্ষোভ করব। আগামী দিনগুলোতে আন্দোলনের তীব্রতা বাড়বে।’তবে ইয়েমেনে সরকারবিরোধী বিক্ষোভ অতটা সহজ নয়। মার্কিন বাহিনীর সহায়তাপুষ্ট দেশেটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সিদ্ধহস্ত। শনিবারের বিক্ষোভে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। কমপক্ষে ৩০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানান নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা।তিউনিসিয়ায় বিক্ষোভ এবং প্রেসিডেন্টের দশে ছেড়ে পালানোর পর আয়কর অর্ধেক হ্রাস করেছেন প্রেসিডেন্ট সালেহ। একই সঙ্গে তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সম্ভাব্য যেকোনো রকম বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা এবং এর আশপাশে দাঙ্গা পুলিশ ও সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এএফপি ও এপি।