ইয়েমেনের জন্য বৈশ্বিক সমর্থন আদায়ের চেষ্টায় যুক্তরাষ্ট্র
আল-কায়েদার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় ইয়েমেনকে সহায়তা করার ব্যাপারে সমর্থন আদায়ের জন্য আগামীকাল বুধবার লন্ডনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে ইউরোপীয় ও আরব সহযোগীদের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র।বড়দিনে যুক্তরাষ্ট্রগামী একটি বিমান উড়িয়ে দেওয়ার চেষ্টার পর লন্ডনে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিমান উড়িয়ে দেওয়ার চেষ্টাকারী নাইজেরীয় যুবক ইয়েমেনভিত্তিক আল-কায়েদার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন বলে ধারণা করা হয়।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন খুব সম্ভবত লন্ডনের ওই সম্মেলনে যোগ দেবেন। যদিও তাঁর যোগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।যুক্তরাষ্ট্র আশা করছে, ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় সানাকে সহায়তার জন্য প্রতিশ্রুত সাহায্য পাঠানোর গতি জোরদার করবে দাতা দেশগুলো। ক্রমবর্ধমান সংকট দেশটির স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওয়াশিংটনে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আবু বকর আল-কুরবির সঙ্গে ইয়েমেন সংকট এবং লন্ডন সম্মেলনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন হিলারি ক্লিনটন। এএফপি।