ইয়েমেনের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে বিরোধীদলীয় নেতা মোহাম্মদ বাসিনদাওয়ার নাম ঘোষণা করা হয়েছে। উপসাগরীয় চুক্তির আওতায় গত রোববার এ ঘোষণা দেওয়া হয়। এদিকে ইয়েমেনের উত্তরাঞ্চলে শিয়া বিদ্রোহী ও সুন্নি মুসলিমদের মধ্যে সহিংসতায় গত দুই দিনে অন্তত ২৫ জন নিহত ও অনেকে আহত হয়েছে। রাজধানী সানা থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত দামাজে এ ঘটনা ঘটে বলে জানান সুন্নি সংগঠন সালাফির একজন মুখপাত্র। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানায়, নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ বাসিনদাওয়ার নাম ঘোষণা করেন ভাইস প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি। বাসিনদাওয়া দুই বছরের জন্য (১৯৯৩-১৯৯৪) ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। পরে তিনি বিরোধী দলে যোগ দেন।নতুন প্রধানমন্ত্রী পদে বাসিনদাওয়াকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে ইয়েমেনের বিরোধী দলগুলো গত শুক্রবার মতৈক্যে পৌঁছায়। রয়টার্স।