ইয়েমেনের প্রেসিডেন্ট সালেহকে দায়মুক্তি দিয়ে আইন পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের বিদায়ী প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে দায়মুক্তি দিয়ে গতকাল শনিবার আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। এর ফলে পদত্যাগের পর সালেহকে বিচারের মুখোমুখি হতে হবে না।গত ২৩ নভেম্বর প্রতিবেশী দেশগুলোর নেতাদের মধ্যস্থতায় শর্তসাপেক্ষে ক্ষমতা ছাড়তে রাজি হন প্রেসিডেন্ট সালেহ। তাঁর মূল শর্তই ছিল, ক্ষমতা ছাড়ার পর তিনি ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের বিচারের মুখোমুখি করা যাবে না।নতুন আইনে বলা হয়েছে, সালেহর কোনো কাজের জন্য বিচারের মুখোমুখি করা যাবে না। তবে তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা কেউ ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত থাকলে তাঁদের বিচারের আওতায় আনা হবে। ঘনিষ্ঠ সহযোগীরা অবশ্য ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোনো অভিযোগ বা দায়িত্ব পালন করতে গিয়ে যা করতে হয়েছে’ এমন কর্মকাণ্ডের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাবেন।ইয়েমেনে প্রায় ৩৩ বছর ধরে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। তাঁকে হটানোর দাবিতে গত জানুয়ারিতে আন্দোলন শুরু হয়। এএফপি, রয়টার্স।