ইয়েমেনের প্রেসিডেন্টকে অবিলম্বে পদত্যাগের আহ্বান যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে অবিলম্বে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটি আশঙ্কা প্রকাশ করে বলেছে, রাজনৈতিক বিশৃঙ্খলা কাজে লাগিয়ে আল-কায়েদা সেখানে শক্তিশালী অবস্থান সৃষ্টি করতে পারে।ইয়েমেনের সরকারবিরোধীরা প্রেসিডেন্ট সালেহর পদত্যাগের দাবিতে অনড় রয়েছে। তবে গতকাল মঙ্গলবার দেশটির ভাইস প্রেসিডেন্ট আবদেল রাব্বো মনসুর হাদি ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট সালেহ কয়েক দিনের মধ্যেই দেশে ফিরবেন।হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নে বলেন, জনগণ ও দেশের স্থিতিশীলতার স্বার্থে ইয়েমেনে ক্ষমতা হস্তান্তর জরুরি। এটা সুস্পষ্ট যে দেশটিতে চরম অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। কার্নে আরও বলেন, ‘প্রেসিডেন্ট সালেহ কয়েকবার ক্ষমতা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছিলেন। শেষ পর্যন্ত তা করেননি। তিনি ক্ষমতা ছেড়ে দেওয়ার যে অঙ্গীকার করেছিলেন, তা-ই করুন। আমরা এটা সমর্থন করি। আমরা ইয়েমেনের সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর চাই।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে উল্লেখ করেন, প্রেসিডেন্ট সালেহর ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন গত সোমবার প্রেসিডেন্ট সালেহকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেন, দেশের জনগণের স্বার্থেই তাঁর পদত্যাগ করা উচিত।ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ইয়েমেনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইয়েমেনে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব সে দেশ ছাড়ারও আহ্বান জানান তিনি।ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার খবরে দেশটির ভাইস প্রেসিডেন্ট আবদেল রাব্বো মনসুর হাদিকে উদ্ধৃত করে বলা হয়, সৌদি আরবে চিকিৎসাধীন প্রেসিডেন্ট সালেহ সুস্থ হয়ে উঠছেন। কয়েক দিনের মধ্যেই তিনি দেশে ফিরবেন।ইয়েমেনের রাজধানী সানায় গত শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদের মধ্যে একটি মসজিদে গোলার আঘাতে প্রেসিডেন্ট সালেহসহ কয়েকজন আহত হন। চিকিৎসার জন্য গত শনিবার রাতে সৌদি আরবে যান তিনি। প্রেসিডেন্ট সালেহর পতন হয়েছে দাবি করে পরদিন হাজার হাজার মানুষ ইয়েমেনের রাস্তায় নেমে এসে উল্লাস করে। বিরোধীরা সালেহর ৩৩ বছরের শাসন অবসানের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে।ইয়েমেন থেকে ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নিতে জাহাজ প্রস্তুত: ইয়েমেন থেকে ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নিতে ব্রিটিশ জাহাজ প্রস্তুত রাখা হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গত সোমবার নিশ্চিত করেন, ওই অঞ্চলে ব্রিটিশ সামরিক বাহিনীর জাহাজ মোতায়েন রয়েছে। তবে ইয়েমেন থেকে ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নিতেই এটা করা হয়েছে কি না, তা নিশ্চিত করেননি তিনি। ১৫ জন নিহত: ইয়েমেনের দক্ষিণাঞ্চলে জিনজিবার শহরে সন্দেহভাজন আল কায়েদার জঙ্গিদের সঙ্গে সেনাদের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে নয়জনই সেনা সদস্য। গতকাল মঙ্গলবার ইয়েমেনের সামরিক বাহিনী সূত্র ও চিকিৎসকেরা এ তথ্য জানান।সামরিক বাহিনী সূত্র জানায়, আল-কায়েদার বন্দুকধারীরা জিনজিবার শহরের দিকে অগ্রসর হতে থাকলে সেনারা প্রতিরোধ গড়ে তোলে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নয় সেনা নিহত হয়। এএফপি, বিবিসি।