ইয়েমেনের রাদা শহর ছেড়েছে আল-কায়েদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় দিন দখলে রাখার পর ইয়েমেনের মধ্যাঞ্চলীয় রাদা শহরটি ছেড়ে চলে গেছে আল-কায়েদার যোদ্ধারা। স্থানীয় উপজাতিদের সূত্র ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা গতকাল বুধবার এ খবর জানিয়েছেন।রাজধানী সানা থেকে ১৩০ কিলোমিটার (৮৫ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত রাদার এক বাসিন্দা জানান, আল-কায়েদা জঙ্গিরা শহর ত্যাগ করেছে। ‘শহর ছেড়ে যাওয়ার বিষয়ে আল-কায়েদার যোদ্ধাদের রাজি করাতে এক মধ্যস্থতা প্রচেষ্টা চালানো হয়েছে’—একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার এমন বক্তব্যের কিছু পর তিনি এ কথা জানান। গত মঙ্গলবার রাতে বার্তা সংস্থা এএফপিকে ওই সেনা কর্মকর্তা জানান, সশস্ত্র যোদ্ধাদের রাদা ছাড়ায় রাজি করাতে উপজাতি নেতা শেইখ হাসেদ ফাদহল আল-কাসির নেতৃত্বে তিন দিনের আলোচনার পর এই মধ্যস্থতা প্রচেষ্টা সফল হয়। আল-কায়েদার চলে যাওয়ার খবরে রাদা শহরের বাসিন্দারা রাস্তায় নেমে আনন্দ-উল্লাসে মেতে ওঠে ও আকাশে ফাঁকা গুলি ছুড়তে থাকে। ফয়সাল নামে রাদার একজন অধিবাসী বলেন, লড়াই ও বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হওয়ায় গোটা শহর উৎসবে মেতে উঠেছে। এএফপি।