ইয়েমেনের শহরে আল-কায়েদার পতাকা
আল-কায়েদার যোদ্ধারা ইয়েমেনে দখল করা নতুন শহর রাদ্দার নিয়ন্ত্রণ জোরদার করেছে। রাজধানী সানা থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত শহরের কেন্দ্রস্থলে পতাকা উড়িয়েছে তারা। গতকাল সোমবার স্থানীয় অধিবাসীরা এ কথা জানিয়েছেন।রাদ্দার বাসিন্দারা জানান, শনিবার রাতে আল-কায়েদা জঙ্গিরা অতর্কিতে হামলা চালিয়ে শহরটি দখল করে নেয়। তারা দুই পুলিশ সদস্যকে হত্যাসহ পুলিশের পাঁচটি যান জব্দ করেছে। তারা স্থানীয় কারাগার ও সরকারি ভবনগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। রাদ্দার একজন বাসিন্দা বলেন, ‘শহররক্ষা দুর্গে আল-কায়েদা পতাকা টানিয়ে দিয়েছে। রোববার মাগরিবের নামাজের সময় আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির প্রতি আনুগত্যের অঙ্গীকার করে জঙ্গিরা পুরো শহরে ছড়িয়ে পড়ে।’ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, আল-বায়দা প্রদেশের শহর রাদ্দা আল-কায়েদার হাত থেকে মুক্ত করতে স্থানীয় বাসিন্দারা সরকারের প্রতি সেনা পাঠানোর অনুরোধ জানিয়েছে। তবে এই বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো সরকারি কর্মকর্তার মন্তব্য জানা যায়নি। বিশ্লেষকেরা জানান, ইয়েমেনে আল-কায়েদা জঙ্গিদের এই প্রভাব বিস্তারের ঘটনা প্রতিবেশী সৌদি আরব ও ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। সৌদি আরব বিশ্বের এক নম্বর তেল রপ্তানিকারক দেশ। এ ছাড়া লোহিতসাগর দিয়ে তেল ও অন্যান্য পণ্য আনা-নেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ পথে ইয়েমেনের অবস্থান। গত বছর জঙ্গিরা দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আবিয়ানের রাজধানী জিনজিবার দখল করে নেয়। পরে তারা একই প্রদেশের অন্তত আরও দুটি শহর দখল করে। রয়টার্স।