ঈদ উপলক্ষে সিরিয়ায় যুদ্ধবিরতির আহ্বান ব্রাহিমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ ও আরব লিগের বিশেষ শান্তিদূত লাখদার ব্রাহিমি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলতি মাসে সাময়িক যুদ্ধবিরতির জন্য গতকাল সোমবার সিরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ওই যুদ্ধবিরতি বাস্তবায়নে ইরানের সহযোগিতা চেয়েছেন। ব্রাহিমি তেহরান সফর শেষে এক বিবৃতিতে বলেন, প্রতিদিনই সিরিয়া-পরিস্থিতির অবনতি হচ্ছে এবং সেখানে রক্তপাত বন্ধে জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় আসন্ন ঈদ উদ্যাপন করবেন। যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের মহাসচিব বান কি মুন যে আহ্বান জানিয়েছেন, তা বাস্তবায়নে ইরানি কর্তৃপক্ষের সহায়তা প্রয়োজন। সরকারি বাহিনী ও বিদ্রোহী পক্ষ অস্ত্রবিরতির বাস্তবায়নে রাজি হলে সিরিয়ায় রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পরিবেশ তৈরি হবে।ব্রাহিমি ইরান সফরে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ, পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সাইদ জলিলির সঙ্গে বৈঠক করেন। সিরিয়ায় লড়াই অব্যাহত: সিরিয়ার মারাত আল-নুমান শহরে বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে গতকালও প্রচণ্ড লড়াই হয়েছে। সরকারি বাহিনী বিদ্রোহীদের আক্রমণে পিছু হটতে বাধ্য হয়। বিদ্রোহী নেতারা এই বিজয়কে একটি বড় সাফল্য উল্লেখ করেছেন। এএফপি, আল-জাজিরা ও বিবিসি।