ঈদের আগে যুদ্ধবিরতি কার্যকরে রাজি সিরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদের আগে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে সিরিয়া সরকার। তাদের আজ বৃহস্পতিবার যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা। জাতিসংঘ ও আরব লিগের শান্তিদূত লাখদার ব্রাহিমি গতকাল বুধবার মিসরের রাজধানী কায়রোয় এ কথা জানান।ব্রাহিমির সঙ্গে যোগাযোগ হয়েছে—এমন বেশির ভাগ বিদ্রোহী নেতাও যুদ্ধবিরতি কার্যকরে রাজি হয়েছেন।কাল শুক্রবার সিরিয়ায় পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করা হবে। তবে গতকালও সিরিয়ায় বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বাশার আল-আসাদ সরকারের বিমানবাহিনী।কায়রোতে গতকাল আরব লিগের মহাসচিব নাবিল আল আরাবির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রাহিমি। তিনি বলেন, সিরিয়া সরকার ঈদের আগে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে। এ ছাড়া তাঁর সঙ্গে যোগাযোগ হয়েছে, এমন বেশির ভাগ বিদ্রোহী গোষ্ঠীও যুদ্ধবিরতির ব্যাপারে রাজি হয়েছে। তবে বিদ্রোহীদের প্রধান পক্ষ ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছে কি না, তা জানাননি ব্রাহিমি।শান্তিদূত ব্রাহিমি আশা প্রকাশ করেন, ‘আমরা এই যুদ্ধবিরতি কার্যকর করতে সফল হলে, এর ধারাবাহিকতায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি কার্যকর করতে পারব। একই সঙ্গে সিরিয়া সংকট সমাধানে রাজনৈতিক প্রক্রিয়া শুরু করাও সম্ভব হবে।’এর আগে সিরিয়া জানায়, ব্রাহিমির দামেস্ক সফর ‘সফল’ হয়েছে। ব্রাহিমির সফরের পর আরব লিগ ঈদের আগে সিরিয়ায় যুদ্ধবিরতির সম্ভাবনা ‘ক্ষীণ’ উল্লেখ করে সংশয় প্রকাশ করে।যুক্তরাজ্যভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গতকাল ইদলিব প্রদেশে এফএসএ ও বিদ্রোহী গোষ্ঠী আল নুসরা ফ্রন্টের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় বাশার বাহিনী। এ ছাড়া গত মঙ্গলবার একই প্রদেশের মারেত সারিমিন এলাকায় বিমান হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে বলে দাবি করেছে দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তাদের তথ্যমতে, মঙ্গলবার সিরিয়ার বিভিন্ন স্থানে সহিংসতায় ১৬৪ জন নিহত হয়েছে। এর মধ্যে ৮৯ জনই বেসামরিক নাগরিক।রাশিয়া অভিযোগ করেছে, সিরিয়ার বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রে তৈরি কাঁধ থেকে ছোড়া যায়, এমন ক্ষেপণাস্ত্র পেয়েছে। এই ক্ষেপণাস্ত্র দিয়ে গুলি করে বিমান ভূপাতিত করার সম্ভব। রাশিয়ার চিফ অব স্টাফ জেনারেল নিকোলাই মাকারভ বলেন, ‘বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রে তৈরি ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে বলে খবর পেয়েছি আমরা। তবে তারা এটা কার কাছ থেকে পেয়েছে তা স্পষ্ট নয়।’ তিনি জানান, বিদ্রোহীদের কাছে কারা এসব অস্ত্র সরবরাহ করেছে, তা খতিয়ে দেখছে রাশিয়া। এটা গুরুতর ব্যাপার। এএফপি।