ঈদের দিন ছুটি থাকবে নিউইয়র্কের শিক্ষাপ্রতিষ্ঠানে
মুসলমানদের ধর্মীয় উত্সবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দেওয়া হবে। নগরের বর্তমান মেয়র বিল দ্য ব্লাসিও গতকাল মঙ্গলবার বেতারে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা জানান।
সাংবাদিক ব্রায়ান লারাকে দেওয়া সাক্ষাত্কারে মেয়র ব্লাসিও জানান, তিনি শিগগিরই এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। মুসলমানদের প্রধান দুটি উত্সব—ঈদুল ফিতর ও ঈদুল আজহা ছাড়াও চান্দ্র নববর্ষের দিনও ছুটি ঘোষণা করা হবে।
নিউইয়র্কে অনেক দিন ধরে মুসলিম সম্প্রদায় ঈদের দিনে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণার দাবি জানিয়ে আসছে। চীনা অভিবাসীরাও তাঁদের উত্সবের দিন চান্দ্র নববর্ষে ছুটির দাবি জানিয়ে আসছিলেন। সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ উত্সব আনন্দের জন্য শিক্ষার্থীদের অতিরিক্ত ছুটি দেওয়ার বিপক্ষে ছিলেন।
গতকাল মেয়র ডি ব্লাসিওর ঘোষণার পর মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে মেয়রকে অভিনন্দন জানানো হয়েছে। অবশ্য দিওয়ালী উপলক্ষে নগরের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা না করায় প্রতিক্রিয়া শুরু হয়েছে। অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান আমেরিকানের নেতা শশী সাহা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য দিওয়ালীর দিনও ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন।