ঈদের দিনে ইরাক-আফগানিস্তানে বিস্ফোরণ, নিহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান ও ইরাকে ঈদের দিনে আজ মঙ্গলবার পৃথক বোমা বিস্ফোরণের ঘটনায় প্রদেশ গভর্নরসহ ১২ জন নিহত ও কমপক্ষে ৪১ জন আহত হয়েছেন। তবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

আফগানিস্তানের রাজধানী কাবুলের দক্ষিণে লোগার প্রদেশের গভর্নর আরসালা জামাল একটি মসজিদে ঈদের নামাজ আদায় করেন। সকালে ঈদুল আজহার নামাজ পড়তে মসজিদে যান আরসালা জামাল। নামাজ শেষে মসজিদের সামনে তিনি শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় আগে থেকে টেবিলের নিচে রাখা একটি বোমার বিস্ফোরণ ঘটলে জামাল নিহত হন। এতে আহত হন ১৫ জন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

লোগারের অনেক এলাকা তালেবানদের নিয়ন্ত্রণে। তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে কিছু জানা যায়নি। আরসালা জামালের মুখপাত্র মোহাম্মদ দারবেসের বরাত দিয়ে বিবিসি এ কথা জানায়। কানাডা থেকে দেশে ফেরা আরসালা জামাল গত এপ্রিলে প্রদেশ গভর্নর হিসেবে নিয়োগ পান।

এদিকে ইরাকের কিরকুক শহরের একটি মসজিদে ঈদের জামাত শেষে মুসল্লিদের শুভেচ্ছা বিনিময়ের সময় বোমার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আহত হন কমপক্ষে ২৬ জন।