উত্তর কোরিয়াকে একটি সর্বাত্মক ও কঠোর আন্তর্জাতিক জবাবের সম্মুখীন করার জন্য সমন্বিত চাপ সৃষ্টির অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র এবং এর দুই প্রধান এশীয় সামরিক মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপান। গত বুধবার কমিউনিস্ট রাষ্ট্রটির প্রথম হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা সম্পন্নের কথা ঘোষণার প্রেক্ষাপটে দেশ তিনটি এ অঙ্গীকার করে।
এএফপি ও বিবিসির খবরে বলা হয়, চতুর্থ পরমাণু বোমার সফল পরীক্ষা চালানোর ঘোষণার এক দিন পর গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও তার ওই দুই মিত্র দেশের নেতারা ফোনালাপ করেন। এ সময় ওই অঙ্গীকার করেন তাঁরা। এ তিন দেশ উত্তর কোরিয়ার পরমাণু বোমার হুমকি মোকাবিলায় আগে থেকেই একটি ঐক্যবদ্ধ অবস্থানে পৌঁছার চেষ্টা চালাচ্ছিল।
তিন দেশের নেতাদের ফোনালাপের আগে গত বুধবার উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা ফাটানোর দিনই নিউইয়র্কে এক জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্যদেশ। বৈঠকে যোগ দিয়েছিল পিয়ংইয়ংয়ের প্রধান ঘনিষ্ঠ মিত্র চীনও। বৈঠকে পিয়ংইয়ংয়ের পরীক্ষা চালানোর কড়া নিন্দা জানানো হয়। সেই সঙ্গে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘আরও গুরুত্বপূর্ণ ব্যবস্থা’ সংবলিত একটি নতুন জাতিসংঘ খসড়া প্রস্তাবের কাজ শুরু করা হবে বলে জানান পরিষদের প্রতিনিধিরা।
জাতিসংঘের কূটনীতিকেরা নিশ্চিত করেছেন, ২০০৬ সালে প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করা হয়, সেটাই আরও জোরালো করা নিয়ে আলোচনা চলছে নিরাপত্তা পরিষদের বৈঠকে।
উত্তর কোরিয়ার এই চতুর্থ পরমাণু পরীক্ষা চালানোর পর এ নিয়ে দেশটির প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার মনোভাব আপসহীন। দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই পিয়ংইয়ংকে কঠোর আন্তর্জাতিক জবাব দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দেশটির কর্মকাণ্ড ‘চরম উসকানিমূলক’।
দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, গতকাল সকালে পার্ক জিউন-হাই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোনে আলাপ করেন। দুই নেতা এ বিষয়ে গুরুত্বারোপ করে বলেন যে, ‘অত্যন্ত কঠোর ও সর্বাত্মক নিষেধাজ্ঞাই’ ওই পরীক্ষার জবাব হওয়া উচিত।
দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের দপ্তর আরও বলেছে, ‘উত্তর কোরিয়াকে চড়া মূল্য দেওয়া উচিত বলে একমত হয়েছেন দুই নেতা। তাঁরা অঙ্গীকার করেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যাতে শক্ত প্রস্তাব গ্রহণ করে, সে ব্যাপারে তাঁরা ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবেন।’
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেও এদিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোনে কথা বলেন। পিয়ংইয়ংকে চরম সাজার মুখোমুখি করার প্রচেষ্টায় নিজেদের নেতৃত্ব দেওয়া উচিত বলে একমত প্রকাশ করেন তাঁরা।
ফোনালাপে একতরফা পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দিয়ে আবে বলেন, ‘আমরা শক্ত ও দৃঢ়তাপূর্ণ পদক্ষেপ নেব। আমাদের জনগণের জন্য অনন্য বলে বিবেচিত পদক্ষেপও এর অন্তর্ভুক্ত থাকবে।’
এর আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত সামন্ত পাওয়ার পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোর, সর্বাত্মক ও গ্রহণযোগ্য নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ গ্রহণের আহ্বান জানান; যাতে উত্তর কোরিয়াকে স্পষ্ট করা যায় যে, তার কাজের ‘বাস্তব ফলাফল’ রয়েছে। জাতিসংঘে জাপানের রাষ্ট্রদূত মোতোহাইড ইয়োশিকাওয়াও দ্রুত ও জোরালো এক নতুন জাতিসংঘ প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তিন নেতার এই অঙ্গীকার ও নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক শুরুর আগে বুধবার সকালে সফলভাবে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর ঘোষণা দিয়ে উত্তর কোরিয়া বলেছিল, এর মধ্য দিয়ে রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মতো উন্নত পরমাণু বোমার অধিকারী দেশগুলোর কাতারে শরিক হলো তারা।
ওই পরীক্ষা চালানো-সংক্রান্ত নির্দেশে স্বাক্ষর করেন উত্তর কোরীয় নেতা কিম জং-উন। সেখানে হাতে লেখা একটি বার্তাও ছিল। তাতে প্রথম হাইড্রোজেন বোমা বিস্ফোরণের ‘রোমাঞ্চকর শব্দ’ ছড়িয়ে ২০১৬ এই নতুন বর্ষকে শুরু করতে বলা হয়।