উ. কোরিয়া আঘাত হানলে চীনকে নিরপেক্ষ থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের ওপর প্রথম আঘাত হানলে চীনের নিরপেক্ষ অবস্থান প্রত্যাশা করেছে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি সংবাদপত্র। গতকাল শুক্রবার দেশটির প্রভাবশালী গ্লোবাল টাইমস পত্রিকার এক সম্পাদকীয়তে এই প্রত্যাশার কথা লেখা হয়েছে। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুয়ামে পরমাণু অস্ত্র বহনে সক্ষম চারটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে উত্তর কোরিয়ার পরিকল্পনার পরিপ্রেক্ষিতে পত্রিকাটি এ সম্পাদকীয় প্রকাশ করে।

বহুল পঠিত গ্লোবাল টাইমস নামে পত্রিকাটি লিখেছে, চীনের স্পষ্ট করা উচিত যে উত্তর কোরিয়া প্রথম হামলা চালালে দেশটি নিরপেক্ষ থাকবে। তবে যুক্তরাষ্ট্র আগে হামলা চালালে সরকারের কাছে হস্তক্ষেপ প্রত্যাশা করা হয়েছে ওই সম্পাদকীয়তে। এতে
বলা হয়, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র একে অন্যের দেশে হামলা চালালে এবং যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সরকারকে উৎখাত ও দেশটির রাজনৈতিক ধারা পাল্টে দিতে চেষ্টা করলে চীন নিরপেক্ষ অবস্থান নেবে।

উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র ও বাণিজ্য অংশীদার চীন বর্তমান বিক্ষুব্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে দেশ দুটির একে অপরের বিরুদ্ধে পরমাণু ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির বিষয়ে হতাশা প্রকাশ করেছে বেইজিং।

মার্কিন ঘাঁটিতে উত্তর কোরিয়ার হামলার হুমকির জবাবে দেশটিকে ধুলায় মিশিয়ে দেওয়ার হুমকি ইতিমধ্যে দিয়েছে যুক্তরাষ্ট্র। আর উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে, তারা গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অনেক সেনা ও প্রায় ১ লাখ ৬৩ হাজার মানুষের বাস। উত্তর কোরিয়ার দাবি, তারা আগস্টের মাঝামাঝি সময়েই হামলার সব প্রস্তুতি শেষ করে ফেলবে এবং নেতা কিম জং-উনের নির্দেশের অপেক্ষায় থাকবে