যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেছেন, উত্তর কোরিয়ার ‘কাণ্ডজ্ঞানহীন ও বেপরোয়া উসকানি’ প্রতিহত করতে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা আরও জোরদার করা হবে। গত শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি এ-সংক্রান্ত একটি পরিকল্পনা উপস্থাপন করেন।হেগেল জানান, আলাস্কার গ্রিলি দুর্গে নতুন করে আরও ১৪টি ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা স্থাপন করবে পেন্টাগন। আলাস্কায় বর্তমানে ৩০টি ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা রয়েছে।হেগেল আরও বলেন, জাপানে দ্বিতীয়বারের মতো আরেকটি ক্ষেপণাস্ত্রবিধ্বংসী রাডার কেন্দ্র স্থাপন করা হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্রবিধ্বংসী আরও কিছু সরঞ্জাম স্থাপন করবে পেন্টাগন। এ পরিকল্পনা বাস্তবায়নে প্রায় ১০০ কোটি ডলার খরচ হবে। তবে হেগেলের এই পরিকল্পনা কার্যকর করার জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে।হেগেল বলেন, ‘এ উদ্যোগ নেওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের দেশের প্রতিরক্ষা জোরদার করব। এর মাধ্যমে আমাদের মিত্র ও সহযোগীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করব এবং বিশ্ববাসীকে জানিয়ে দেব, যেকোনো ধরনের আগ্রাসন প্রতিরোধে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর।’গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালানোর হুমকি দেয় উত্তর কোরিয়া। গত ১২ ফেব্রুয়ারি পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর পর দেশটির ওপর নতুন করে কয়েকটি অবরোধ আরোপ করে জাতিসংঘ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রে হামলা চালানোর হুমকি দেয়।পারমাণবিক শক্তি অর্জনের জন্য উত্তর কোরিয়া কয়েক দশক ধরে কাজ করছে। তবে বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা চালানোর পুরো শক্তি অর্জন করতে উত্তর কোরিয়ার আরও কয়েক বছর লাগবে।সংবাদ সম্মেলনে হেগেল বলেন, উত্তর কোরিয়ার হুমকি সামনে রেখে পেন্টাগন যে পরিকল্পনার ঘোষণা দিয়েছে, তা সময়োপযোগী। কারণ, গত ডিসেম্বরে রকেট পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং এবং বিশ্লেষকেরা বলছেন, আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরির অংশ হিসেবেই তারা ওই পরীক্ষা চালায়।পেন্টাগন বলেছে, ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা আরও জোরদার করার বিষয়টি তারা উত্তর কোরিয়ার প্রতিবেশী ও ঘনিষ্ঠ মিত্র চীনকে জানিয়েছে। তবে বেইজিংয়ের প্রতিক্রিয়ার বিষয়ে তারা কিছু জানায়নি।মার্কিন কর্মকর্তারা বলছেন, চীন ও রাশিয়ার বিপুল পরিমাণ আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা জোরদার করছে না; বরং উত্তর কোরিয়ার হুমকি এবং বিশেষত ইরানকে সামনে রেখেই এ ব্যবস্থা জোরদার করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের ভাইস চেয়ারম্যান অ্যাডমিরাল জেমস উইনফিল্ড বলেন, ওয়াশিংটন যে পরিকল্পনা গ্রহণ করেছে, তাতে উত্তর কোরিয়ার তরুণ নেতা কিম জং-উনকে পুনরায় পারমাণবিক হামলার হুমকি দেওয়ার আগে অন্তত দুবার ভাবতে হবে।ইউরোপে পরিকল্পনা বাতিল: এদিকে চাক হেগেল ইউরোপে চূড়ান্ত পর্যায়ের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা স্থাপনের পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন। তহবিল কাটছাঁট ও প্রযুক্তিগত সমস্যার কারণ দেখিয়ে এই ঘোষণা দেওয়া হয়।চূড়ান্ত পর্যায়ে পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা স্থাপনের কথা ছিল। তবে এই পরিকল্পনা বাতিলের প্রতিক্রিয়ায় হেগেল বলেন, উত্তর কোরিয়ার হামলার হুমকি বেশ ‘পাকাপোক্ত’ হয়ে গেছে এবং ন্যাটোকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের যে অঙ্গীকার যুক্তরাষ্ট্র দিয়েছে, তা ‘অটুট’ রাখা হবে।এর আগে ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা স্থাপনের তীব্র বিরোধিতা করেছিল রাশিয়া। সে সময় মস্কো জানায়, এ ধরনের প্রতিরক্ষাব্যবস্থা রাশিয়ার আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের গতিরোধ করতে সক্ষম হতে পারে। রয়টার্স ও বিবিসি।