উ. কোরিয়াকে পারমাণবিক পরীক্ষা না চালানোর আহ্বান যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়াকে পারমাণবিক পরীক্ষা বা মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ না পাঠানোর জোরালো আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে চীনের প্রতি অনুরোধ করেছে, যাতে তারা প্রতিবেশী দেশকে ওই ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখার চেষ্টা চালায়। যুক্তরাষ্ট্রের অনুরোধের পরিপ্রেক্ষিতে চীন গতকাল মঙ্গলবার সব পক্ষকে শান্ত থেকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে। এদিকে আন্তর্জাতিক সমপ্রদায়ের আপত্তি সত্ত্বেও উত্তর কোরিয়া রকেট উৎক্ষেপণ করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে তারা দূরপাল্লার রকেটে করে মহাশূন্যে কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থাপনের ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে উৎক্ষেপণ মঞ্চে রকেট বসানো হয়েছে। শিগগিরই ভরা হবে জ্বালানি। এখনো উৎক্ষেপণের নির্দিষ্ট সময় ঠিক হয়নি। ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল রকেট পাঠানোর কথা রয়েছে। উত্তর কোরিয়ার ভাষ্য, তারা আবহাওয়ার পূর্বাভাস ও দেশের প্রাকৃতিক সম্পদের তথ্য পেতে কক্ষপথে উপগ্রহ পাঠাচ্ছে।তবে উত্তর কোরিয়ার ওই পদক্ষেপের কারণে প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ক্ষুব্ধ করেছে পশ্চিমাদের। গত রোববার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলেছে, উত্তর কোরিয়া রকেটে করে উপগ্রহ স্থাপনের আড়ালে তৃতীয়বারের মতো পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তারা আগে যে স্থান থেকে দুবার পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল, সেই একই স্থান থেকে রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে।তাই সম্ভাব্য হামলার আশঙ্কায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সরঞ্জাম মোতায়েনসহ প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া।যুক্তরাষ্ট্র আবারও উত্তর কোরিয়াকে উপগ্রহ না পাঠানোর আহ্বান জানিয়ে বলেছে, উত্তর কোরিয়া কৃত্রিম উপগ্রহ পাঠালে তা হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং গত ২৯ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার সঙ্গে হওয়া পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির লঙ্ঘন। গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড উত্তর কোরিয়ার উদ্দেশে বলেন, ‘আমাদের বক্তব্য হচ্ছে, এই কাজটি কোরো না।’ তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ খুবই উসকানিমূলক। এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এটি যেকোনো ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ থেকে বিরত থাকার অঙ্গীকারের লঙ্ঘন।’উত্তর কোরিয়া আবারও পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে—যুক্তরাষ্ট্র এমনটি বিশ্বাস করে কি না প্রশ্নের কোনো মন্তব্য করেননি ভিক্টোরিয়া। তিনি বলেন, গোয়েন্দাদের বিষয় নিয়ে তিনি আলোচনা করতে চান না। খাদ্যসহায়তা পাওয়ার বিনিময়ে গত ফেব্রুয়ারি মাসে উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধ করতে সম্মত হয়।চীনের আহ্বান: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ ওয়েইমিন বলেন, উত্তর কোরিয়ার ঘটনায় চীন তার উদ্বেগ প্রকাশ করেছে। তিনি বলেন, কোরিয়া উপদ্বীপ নিয়ে উত্তেজনা পরিহার করে আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত থাকার ও ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।দক্ষিণ কোরিয়ার হুঁশিয়ারি: আন্তসীমান্ত নিয়ে কাজ করা দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গতকাল বলা হয়েছে, উত্তর কোরিয়া যদি তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপেক্ষণ করে, তবে এ ধরনের উসকানিমূলক কাজের বিরুদ্ধে আন্তর্জাতিক সমপ্রদায়কে নিয়ে আমাদের সরকার কঠোর পদক্ষেপ নেবে।দেশটির প্রতিরক্ষা, পররাষ্ট্র ও একত্রীকরণ মন্ত্রণালয়ের মন্ত্রীরাসহ জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের এক বৈঠকের পর ওই বিবৃতি দেওয়া হয়।