উ. কোরিয়াকে যুদ্ধংদেহী মনোভাব পরিহারের আহ্বান ওবামার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা উত্তর কোরিয়ার প্রতি তাদের ‘যুদ্ধংদেহী মনোভাব’ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কেউই উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ দেখতে চায় না। তবে মার্কিন জনগণ ও এই অঞ্চলে তাদের মিত্রদের রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণে ওয়াশিংটন প্রস্তুত বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। মার্কিন প্রেসিডেন্ট গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে এক বৈঠকের পর এ কথা বলেন। ওবামার বক্তব্যের সময় বান কি মুন তাঁর পাশেই ছিলেন।ওভাল অফিসে বৈঠকের পর ওবামা বলেন, ‘আমরা উভয়ই একমত হয়েছি যে উত্তর কোরিয়া যে যুদ্ধংদেহী মনোভাব দেখাচ্ছে, তা বন্ধ করার সময় এসেছে।’ তিনি বলেন, ‘বিশ্বের অন্য যেকোনো রাষ্ট্রের মতো উত্তর কোরিয়ারও মৌলিক নিয়মকানুন মেনে চলা গুরুত্বপূর্ণ।’পিয়ংইয়ংয়ের হুমকির জবাবে ওয়াশিংটনের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে জাতিসংঘের মহাসচিব চীনের প্রতি তাদের মিত্র দেশটির (উত্তর কোরিয়া) ওপর প্রভাব বিস্তারের আহ্বান জানিয়েছেন।পারমাণবিক শক্তিধর উ. কোরিয়াকে সহ্য করবে না যুক্তরাষ্ট্র: কেরিযুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্র সহ্য করবে না। উত্তর কোরিয়ার যুদ্ধংদেহী মনোভাব ও পারমাণবিক আক্রমণের হুমকিকে তিনি ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গেয়ুন-হাই এবং দেশটিতে মোতায়েন মার্কিন সেনাদের কমান্ডারদের সঙ্গে সাক্ষাতের পর এসব কথা বলেন কেরি। তিনি বলেন, প্রয়োজনবোধে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে তার মিত্রদের পক্ষ হয়ে লড়বে। তিনি আরও বলেন, ‘উত্তর কোরিয়ার যেসব উচ্চবাচ্য আমরা শুনছি, সেগুলো পুরোপুরি অগ্রহণযোগ্য। আমরা একমত যে, পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়াকে সহ্য করা হবে না।’গত ফেব্রুয়ারি মাসে উত্তর কোরিয়ার তৃতীয় পারমাণবিক পরীক্ষা চালানোর পর জাতিসংঘ দেশটির ওপরে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপর কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে পারমাণবিক হামলার হুমকি দিয়ে আসছে।কেরি এখন দক্ষিণ কোরিয়া সফর করছেন। তাঁর এ সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। আগামী সোমবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা প্রয়াত কিম ইল সুং-এর জন্মবার্ষিকী। এই দিনে উত্তর কোরিয়া তার সর্বোচ্চ সামরিক দক্ষতা প্রদর্শন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।কোরীয় উপদ্বীপের উত্তেজনা প্রশমনে দক্ষিণ কোরিয়া সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সিউল সফর শেষে আজ শনিবার বেইজিং ও কাল রোববার টোকিও সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন কর্মকর্তারা বলেছেন, কেরি তাঁর এশিয়া সফরকে পিয়ংইয়ংয়ের ‘অস্থিতিশীল কর্মকাণ্ড’ রোধে চীনের প্রতি তাদের প্রভাব কাজে লাগানোর আহ্বান জানাবেন। কেরির সঙ্গে থাকা এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘উত্তর কোরিয়ার ওপর যে চীনের প্রভাব সবচেয়ে বেশি, তা সবারই জানা। আমরা চাই, চীন তার প্রভাব কাজে লাগিয়ে পিয়ংইয়ংকে নিবৃত্ত করুক।’এদিকে উত্তর কোরিয়া সীমান্তে চীন সেনাবাহিনী মোতায়েন করছে বলে খবর বেরিয়েছে। তবে এ খবর নাকচ করে দিয়েছে বেইজিং। বিবিসি, এএফপি ও রয়টার্স।