উ. কোরিয়াকে যুদ্ধে না জড়াতে সতর্ক করলেন কাস্ত্রো
উত্তর কোরিয়াকে যুদ্ধে না জড়াতে সতর্ক করে দিয়েছেন কিউবার সাবেক নেতা ফিদেল কাস্ত্রো। ১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনাকে তিনি পারমাণবিক ধ্বংসযজ্ঞের ‘গভীরতম ঝুঁকি’ হিসেবেও বর্ণনা করেছেন। কিউবার সরকারি পত্রিকায় গত শুক্রবার লেখা নিবন্ধে তিনি এসব কথা বলেছেন।নিবন্ধে কাস্ত্রো উত্তর কোরিয়াকে ‘মিত্র’ সম্বোধন করে লিখেছেন, প্রেসিডেন্ট কিম জং-উনের নেতৃত্বে উত্তর কোরিয়া তার প্রযুক্তিগত সক্ষমতা দেখিয়েছে। এখন দেশটিকে অন্যের প্রতি তার কর্তব্যের বিষয়টি মনে রাখার সময় এসেছে।বর্তমানে বিশ্বে এখনো যে কয়েকটি দেশে সমাজতান্ত্রিক শাসনব্যবস্থা টিকে রয়েছে তার মধ্যে কিউবা ও উত্তর কোরিয়াও রয়েছে। এ জন্য দেশ দুটির মধ্যে একধরনের মিত্রতাও আছে। উত্তর কোরিয়া সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। শত্রুভাবাপন্ন যুক্তরাষ্ট্রের ভূমিতে পারমাণবিক হামলা চালানোরও হুমকি দিয়েছে। দেশটি সম্প্রতি মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ এবং পারমাণবিক পরীক্ষা চালায়। এর জের ধরে দেশটির বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপ এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার প্রেক্ষাপটে কোরীয় উপদ্বীপে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। কারও কারও ধারণা, উত্তর কোরিয়া সত্যি সত্যিই হামলা চালিয়ে বসতে পারে।নিবন্ধে কাস্ত্রো পিতৃসুলভ ভঙ্গিতে লিখেছেন, ‘কিউবা সব সময়ই গণপ্রজাতন্ত্রী কোরিয়ার মিত্র ছিল, আছে ও থাকবে। দেশটি তার প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক অগ্রগতির সাফল্য প্রদর্শন করেছে। এখন আমরা তাকে বন্ধুভাবাপন্ন রাষ্ট্রগুলোর প্রতি তার দায়িত্বের কথা মনে করিয়ে দিতে চাই। এটা ভুলে যাওয়া উচিত নয় যে, এ ধরনের একটি যুদ্ধ বিশ্বের ৭০ শতাংশের বেশি মানুষকে ক্ষতিগ্রস্ত করবে।’ কোরীয় উপদ্বীপের চলতি পরিস্থিতিকে কাস্ত্রো ‘অবিশ্বাস্য ও উদ্ভট’ বলে অভিহিত করেন। তবে তিনি বলেন, ‘৫০ বছর আগে সেই অক্টোবর সংকটের পর এবার আবারও পারমাণবিক যুদ্ধের ঝুঁকি দেখা দিয়েছে।’ স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে ৯০ মাইল দূরে কিউবার একটি দ্বীপে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক অস্ত্র মোতায়েন করে। এ নিয়ে ১৯৬২ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রায় যুদ্ধাবস্থার সৃষ্টি হয়। ফিদেল কাস্ত্রো ওই সময়ে কিউবার নেতৃত্বে ছিলেন। তাঁর অনুমান ছিল, যুক্তরাষ্ট্র কিউবার ওই দ্বীপে আক্রমণ করতে যাচ্ছে। তিনি তখন সোভিয়েত ইউনিয়নের সাধারণ সম্পাদক নিকিতা ক্রুশ্চেভকে চিঠি মারফত আহ্বান জানান, যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা চালাতে। কিন্তু ক্রুশ্চেভের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি শান্তিচুক্তি করলে সে সংকট থেকে বিশ্ব মুক্তি পায়। চুক্তি অনুযায়ী, সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে সব ক্ষেপণাস্ত্র সরিয়ে নেয়।অসুস্থতার কারণে ফিদেল কাস্ত্রো ২০০৮ সালে দেশের নেতৃত্ব ভাই রাউল কাস্ত্রোর হাতে ছেড়ে দেন। তবে পর্দার অন্তরালে থেকে তিনিই এখনো দেশ চালান এবং মাঝেমধ্যে দেশটির সরকারি পত্রিকায় নিবন্ধ লেখেন। কাস্ত্রো তাঁর নিবন্ধে লিখেছেন, যুদ্ধ রোধ করতে যুক্তরাষ্ট্রের দায়িত্ব রয়েছে। যদি দেশটি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয় তবে প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ‘ইতিহাসে সবচেয়ে অশুভ ব্যক্তি’ হিসেবে পরিচিতি পাবেন। রয়টার্স।