উ. কোরিয়ার নেতার মৃত্যু দেশটিতে পরিবর্তন আনার দারুণ এক সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির সরকার বলেছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের মৃত্যু দেশটিতে ইতিবাচক পরিবর্তন আনার জন্য দারুণ এক সুযোগ। কিম জং ইলের মৃত্যুর পর জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র গতকাল সোমবার সাংবাদিকদের এ কথা বলেন।জার্মানির ওই মুখপাত্র বলেন, ‘উত্তর কোরিয়া ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে এটা অবশ্যই একটি সুযোগ। আমাদের প্রত্যাশা আগের মতোই। উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি বর্জন করবে, যা দেশটির সামাজিক দুর্দশার জন্য দায়ী।’কিম জং ইলের উত্তরসূরি হিসেবে কিমের ছোট ছেলে কিম জং উন সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি জার্মান ওই মুখপাত্র। তবে তিনি বলেন, কোরিয়া উপদ্বীপের বিভক্তি একদিন শেষ হয়ে যাবে। তিনি আরও বলেন, যে-ই দেশটির ক্ষমতা নিক, তাঁকে জনগণের দুর্দশা লাঘবের দায়িত্ব নিতে হবে। জার্মান ওই মুখপাত্র ‘গণতান্ত্রিক স্বাধীনতা’ প্রতিষ্ঠা, দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ ও পারমাণবিক কর্মসূচি বর্জনের জন্য উত্তর কোরিয়ার নতুন নেতৃত্বের প্রতি আহ্বান জানান। এএফপি।