পৃথিবীর কক্ষপথে একটি উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে উত্তর কোরিয়া বিশ্বকে চমকে দিয়েছে। কেননা, এতে ব্যবহূত প্রযুক্তি এটাই ইঙ্গিত দেয়, যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম দেশটি। এ ঘটনার পর দেশটির পরবর্তী পদক্ষেপ হতে পারে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানো। এ বিশ্লেষণ বার্তা সংস্থা রয়টার্সের।আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে গত বুধবার স্থানীয় সময় সকালে দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। দেশটির পশ্চিম উপকূলে ওই উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়। এ ঘটনার নিন্দা জানায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।ওই স্যাটেলাইট উৎক্ষেপণের পর উত্তর কোরিয়ার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা নিয়ে এখন চলছে নানা আলোচনা। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়া এমনই এক দেশ, যার সম্পর্কে কোনো ভবিষ্যদ্বাণী করা কঠিন। তবে রকেট উৎক্ষেপণ-পরবর্তী পদক্ষেপ হিসেবে দেশটি আবার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে। কেননা, এর আগে দুবার এ ধরনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তার মধ্যে ২০০৯ সালের পরীক্ষাটি চালানো হয় সে বছরের ২৫ মে, যার ঠিক এক মাস আগে একটি রকেট উৎক্ষেপণ করেছিল দেশটি।দক্ষিণ কোরিয়া সরকারের অনুমানমতে, ১৯৯৮ সালের পর থেকে এ পর্যন্ত উত্তর কোরিয়া রকেট কর্মসূচি ও পারমাণবিক অস্ত্র তৈরি প্রচেষ্টায় যে অর্থ খরচ করেছে, তার পরিমাণ ২ দশমিক ৮ থেকে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার। জাতিসংঘ বা কয়েকটি দেশের একপক্ষীয় নিষেধাজ্ঞার কারণে দেশটির যে ক্ষতি হয়েছে, তা এই হিসাবের মধ্যে ধরা হয়নি। বুধবারের ওই ঘটনার পর উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তবে তা পারমাণবিক কার্যক্রম থেকে দেশটিকে মোটেও বিরত রাখতে পারবে না বলেই মত দিয়েছেন বিশ্লেষকেরা। কোরিয়া ইনস্টিটিউটি অব ডিফেন্স অ্যানালাইসিসের কর্মকর্তা বেক সিউং-জু বলেন, যেকোনো ধরনের নিষেধাজ্ঞাকে অনৈতিক মনে করবে উত্তর কোরিয়া। আর যদি নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়, তবে দেশটির পারমাণবিক অস্ত্রের পরীক্ষার সম্ভাব্যতা আরও বাড়বে।উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের বিষয়টি নিয়ে শিগগিরই আলোচনায় বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক এই সংস্থাটি বলেছে, ২০০৬ ও ২০০৯ সালে দুটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষার জের ধরে দেশটির ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, এই উৎক্ষেপণের ঘটনা তাকে লঙ্ঘন করেছে। ওই নিষেধাজ্ঞার আওতায় দারিদ্র্যপীড়িত দেশটিকে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। রয়টার্স।