উ. কোরিয়ার বিরুদ্ধে কাজ করবে যুক্তরাষ্ট্র জাপান ও দ. কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক অস্ত্রের অধিকারী উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় এককাট্টা কয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। দেশগুলোর কর্মকর্তারা গতকাল শনিবার এ কথা জানিয়েছেন।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা গতকাল দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম কাওয়ান জিন ও জাপানের প্রতিরক্ষাবিষয়ক পার্লামেন্টারি জ্যেষ্ঠ উপমন্ত্রী সু ওয়াতানাবের সঙ্গে বৈঠক করেছেন। সিঙ্গাপুরে একটি আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক সম্মেলনের পাশাপাশি ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তাঁরা এক যৌথ বিবৃতিতে বলেন, ‘মন্ত্রীরা দৃঢ়তাসহকারে পুনর্ব্যক্ত করেছেন, উত্তর কোরিয়ার উসকানিমূলক আচরণ এই তিন দেশের জন্যই হুমকিস্বরূপ এবং দেশ তিনটি ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবিলা করবে।’ এ ছাড়া উত্তর কোরিয়ার উসকানি প্রতিহত করতে তাঁরা ত্রিপাক্ষিক সমন্বিত নীতি প্রয়োগ অব্যাহত রাখার বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন বলেও বিবৃতিতে জানানো হয়।বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ চেওনান ডুবিয়ে দেওয়া, ২০১০ সালে ইয়নপিয়ং দ্বীপে গোলাবর্ষণ এবং গত এপ্রিল মাসে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ উত্তর কোরিয়ার কর্মকাণ্ড কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। উত্তর কোরিয়াকে বুঝতে হবে, হুমকি বা উসকানির মাধ্যমে কিছুই অর্জন করা যাবে না এবং এ ধরনের আচরণ দেশটিকে শুধু আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্নই করবে।এই তিন প্রতিরক্ষা কর্মকর্তা সিঙ্গাপুরে ‘সাংগ্রি-লা ডায়লগ’ নামের একটি সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনটি আজ রোববার শেষ হবে। এএফপি।