উ. কোরিয়ার রকেট উৎক্ষেপণে বিভিন্ন দেশের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করেই দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির পশ্চিম উপকূলে গতকাল বুধবার স্থানীয় সময় সকালে ওই উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, রকেট উৎক্ষেপণের পর উত্তর কোরিয়াজুড়ে ‘আনন্দ-উচ্ছ্বাস’ শুরু হয় বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। পরিকল্পনা অনুযায়ী রকেটটি ইতিমধ্যেই একটি কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) কক্ষপথে স্থাপন করেছে। যুক্তরাষ্ট্র ওই স্যাটেলাইটের উপস্থিতি নিশ্চিত করেছে। উত্তর কোরিয়ায় ‘উসকানিমূলক’ উৎক্ষেপণের পর প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও জাপান অভিযোগ করে, রকেট উৎক্ষেপণের নামে উত্তর কোরিয়া আসলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান অভিযোগ করে। যুক্তরাষ্ট্র ওই উৎক্ষেপণকে ‘সাংঘাতিক উসকানিমূলক’ এবং ‘আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি’ বলে মন্তব্য করেছে। বিষয়টি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠানের দাবি জানিয়েছে জাপান। দেশটির সরকারি মুখপাত্র ওসামু ফুজিমুরা বলেন, উত্তর কোরিয়ার কার্যক্রম বরদাশত করা হবে না। সংযত হওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানানো হয়েছিল। জাতিসংঘের মহাসচিব বান কি মুন উদ্বেগ প্রকাশ করে বলেন, উত্তর কোরিয়া স্পষ্টতই জাতিসংঘের সিদ্ধান্তের পরিপন্থী পদক্ষেপ নিয়েছে। উত্তর কোরিয়ার বন্ধুপ্রতিম দেশ বলে পরিচিত চীনও ওই রকেট উৎক্ষেপণের ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে ‘আক্ষেপ’ করেছে। এএফপি ও বিবিসি।