উ. কোরিয়ার সঙ্গে বাণিজ্য স্থগিত করেছে দ. কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধজাহাজডুবির ঘটনায় উত্তর কোরিয়াকে ক্ষমা চাইতে বলেছে দক্ষিণ কোরিয়া। পাশাপাশি দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত ও সমুদ্রপথ বন্ধ করে দিয়েছে তারা। গতকাল সোমবার রাজধানী সিউলে এক ভাষণে এ কথা বলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউংবাক। এদিকে, রণতরী ডুবির ঘটনায় দক্ষিণ কোরিয়ার পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ছাড়া গতকাল বেইজিংয়ে যুক্তরাষ্ট্র-চীন বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, উত্তর কোরিয়াবিষয়ক সংকট নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের একসঙ্গে কাজ করতে হবে। আন্তর্জাতিক তদন্তে দেখা গেছে, গত ২৬ মার্চ উত্তর কোরিয়ার একটি ডুবোজাহাজ থেকে ছোঁড়া টর্পেডোর আঘাতে দক্ষিণ কোরিয়ার চেওনান নামের যুদ্ধজাহাজটি ডুবেছে। এতে জাহাজের ৪৬ জন নাবিকের মৃত্যু হয়।দক্ষিণ কোরিয়ার রণতরী ডুবি নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশের পর গতকাল প্রেসিডেন্ট লি মিউংবাক বলেন, যারা এই হামলা চালিয়েছে তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। উত্তর কোরিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করবেন। টেলিভিশনে প্রচারিত ভাষণে লি পিয়ংইয়ংকে হুঁশিয়ার করেন, ভবিষ্যতে কোনো ধরনের হামলার জবাব তাৎক্ষণিকভাবে সামরিক পদক্ষেপের মাধ্যমে দেওয়া হবে। লি বলেন, ‘আমাদের জল, স্থল ও আকাশসীমা লঙ্ঘন করা হলে আমরা আত্মরক্ষার্থে তাৎক্ষণিক ব্যবস্থা নেব। এখন থেকে উত্তর কোরিয়ার কোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপ বরদাস্ত করবে না দক্ষিণ কোরিয়া।’ পাশাপাশি সিউল এটাও বলেছে, উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা তাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে না।এ ব্যাপারে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ওবামা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নেওয়া পদক্ষেপকে সমর্থন করছেন। দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কোনো পরিবর্তন আসেনি এবং প্রেসিডেন্ট ওবামা যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার ব্যাপারে সহায়তা করতে মার্কিন সেনাদের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়াকে শাস্তি দেওয়ার ব্যাপারে দক্ষিণ কোরিয়া যে দাবি উত্থাপন করতে যাচ্ছে, সে ব্যাপারেও সমর্থন জানানোর প্রতিশ্রুতি দেন ওবামা। জাপান সরকারও জানিয়েছে, তারা পিয়ংইয়য়ের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার সিউলের দাবিকে সমর্থন করে।তবে তদন্ত প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে উত্তর কোরীয় কর্তৃপক্ষ বলেছে, রণতরী ডুবির ঘটনায় দক্ষিণ কোরিয়া তাদের বিরুদ্ধে সাজানো তথ্য-প্রমাণ উপস্থাপন করেছে। এর মাধ্যমে সংঘাত তৈরির চেষ্টা করছে। এ ব্যাপারে শস্তিমূলক পদক্ষেপের নামে সর্বাত্মক যুদ্ধ শুরু করার হুমকি দিচ্ছে। উত্তর কোরিয়ার প্রধান সংবাদপত্র রোডং সিনমুন-এ তদন্ত প্রতিবেদনটিকে ‘অগ্রহণযোগ্য’ ও ‘যুদ্ধ ঘোষণার মতো উসকানিমূলক’ হিসেবে অভিহিত করা হয়েছে। উত্তর কোরিয়া আরও বলেছে, সীমান্তে দক্ষিণ কোরিয়া কোনো ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা করলে তারা সরাসরি গুলি করবে।গতকাল অর্থনৈতিক ও কৌশলগত বিষয়ে উচ্চপর্যায়ের যুক্তরাষ্ট্র-চীন বৈঠকে হিলারি বলেন, ‘উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন উসকানিমূলক আচরণ বন্ধ করে এবং আন্তর্জাতিক আইন মেনে চলে।’ তিনি আরও বলেন, ‘দক্ষিণ কোরিয়ার রণতরী ডুবির ঘটনা আমাদের সামনে একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তাই কোরীয় উপদ্বীপে শান্তি-স্থিতিশীলতা বজায় রাখতে ও এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে।’ বৈঠকে আন্তর্জাতিক অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়গুলোকে ছাপিয়ে গেছে দক্ষিণ কোরিয়ার এই জাহাজডুবির ঘটনা।দুই দিনের এই বৈঠকের প্রথম দিনে চীনা প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য, রপ্তানি, মুদ্রার বিনিময় হার নিয়ে আলোচনা করেন হিলারি। আগামীকাল তাঁর বুধবার সিউলে যাওয়ার কথা। এএফপি, বিবিসি।