উ. কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে উনের নাম ঘোষণা
উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং-ইলের ছোট ছেলে কিম উন-জংকে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে। কিম জং-ইলের মৃত্যুতে ১৩ দিনের রাষ্ট্রীয় শোক শেষে গতকাল বৃহস্পতিবার বিশাল আয়োজনের মাধ্যমে নতুন নেতা হিসেবে উনের নাম ঘোষণা করা হয়।পিয়ংইয়ংয়ের কিম ইল-সুং স্কয়ারে সমবেত হাজার হাজার সেনা ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তৃতা করেন উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং ন্যাম। প্রয়াত নেতা কিম জং-ইলের প্রশংসা করে তিনি বলেন, ‘কিম জং-ইল একুশ শতকে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অসামান্য অবদান রেখেছেন। তিনি বলেন, ‘এখন কিম জং-উন আমাদের দল, সেনাবাহিনী ও জনগণের সর্বোচ্চ নেতা।’ তাঁর বাবা কিম জং-ইলের চেতনা, নেতৃত্ব, ব্যক্তিত্ব, নৈতিকতা ও বীরোচিত ধৈর্যের উত্তরাধিকারী তিনি।ইয়ং ন্যাম আরও বলেন, ‘কিম জং-ইলের এত তাড়াতাড়ি চলে যাওয়া আমাদের দল ও বিপ্লবের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা এই শোককে শক্তি ও সাহসে পরিণত করে কিম জং-উনের নেতৃত্বে এগিয়ে যাব।’ অনুষ্ঠানে আরেক বক্তা জেনারেল কিম জং-গ্যাক বলেন, সামরিক বাহিনী নতুন নেতার প্রতি আনুগত্যের অঙ্গীকার করে। তিনি বলেন, সেনাসদস্যরা চারদিক থেকে দেয়ালের মতো হয়ে নতুন নেতাকে রক্ষা করবেন।এ সময় কিম জং-উন, তাঁর ফুফা ও প্রভাবশালী নেতা জ্যাং সং থায়েক, সামরিক বাহিনীর প্রধান রি ইয়ং হোসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কিম জং-ইল ১৭ ডিসেম্বর হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। গতকাল আনুষ্ঠানিক শোকের শেষ দিন স্থানীয় সময় বিকেলে দেশজুড়ে তিন মিনিট নীরবতা পালন করা হয়। দেশজুড়ে জাহাজ ও রেলগাড়ির হুঁইসেল বাজিয়ে নীরবতা শুরু এবং শেষ হওয়ার সংকেত দেওয়া হয়।বিশ্লেষকেরা বলছেন, কিম জং-উনের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশের জন্যই এত বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁকে দেশটির খাদ্য-ঘাটতি, বিপর্যয়কর অর্থনীতি ও পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা চাপ মোকাবিলা করতে হবে। জাতিসংঘের বিভিন্ন সংস্থার তথ্যমতে, দেশটির প্রায় ৬০ লাখ মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য-সহায়তা প্রয়োজন।দক্ষিণ কোরিয়ার ইনস্টিটিউট ফর ফার ইস্টার্ন স্টাডিজের কিম কেউন সিক বলেন, নতুন নেতা কিম জং-উনের প্রতি আস্থা প্রদর্শন করতেই উত্তর কোরিয়ার এই আয়োজন। উনের প্রতি আস্থার বিষয়টি তারা জনগণ ও বহির্বিশ্বকে বুঝিয়ে দিতে চেয়েছে। এএফপি।