উ. কোরিয়ার হুমকি মোকাবিলায় মার্কিন স্টিলথ বিমান
যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দুটি বি-২ স্টিলথ বোমারু বিমান গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ওপর দিয়ে উড়ে গেছে।উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধি এবং উত্তর কোরিয়ার হুমকির প্রেক্ষাপটে মার্কিন এই বিমান মহড়া দিল।যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, মিসৌরিতে বিমান বাহিনীর হোয়াইটম্যান ঘাঁটি থেকে দুটি বি-২ স্টিলথ বোমারু বিমান ‘একক অব্যাহত মিশনের’ অংশ হিসেবে ১৩ হাজার মাইল পথ পাড়ি দিয়েছে। এ সময় দক্ষিণ কোরিয়ায় স্থাপিত নকল লক্ষ্যবস্তুতে গোলা ফেলা হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, এই মহড়ার মাধ্যমে প্রয়োজনে ক্ষিপ্রতার সঙ্গে বহুদূর গিয়ে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সক্ষমতা প্রকাশ পেয়েছে।যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়াকে সুরক্ষায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার সম্পর্কে পিয়ংইয়ংকে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়াই স্টিলথ বিমান উড্ডয়নের উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে। এএফপি।