উত্তর কোরিয়ার পারমাণবিক স্থাপনা বিশ্বের মধ্যে সবচেয়ে কম নিরাপদ। এর পরই রয়েছে পাকিস্তান। মার্কিন সিনেটর স্যাম নানের নেতৃত্বে নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ ও ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এক গবেষণায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।গবেষণায় দেখা যায়, উত্তর কোরিয়ার পারমাণবিক স্থাপনা ও পারমাণবিক উপাদান সবচেয়ে কম নিরাপদ। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের নাম। ১০০ পয়েন্টের ভিত্তিতে করা এই তালিকায় ইরান, ভারত ও ভিয়েতনাম পঞ্চাশের কম পয়েন্ট পেয়েছে।পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যেতে পারে এমন পারমাণবিক উপাদান কমপক্ষে এক কেজি রয়েছে—এমন ৩২টি দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ বলা হচ্ছে অস্ট্রেলিয়াকে। তালিকায় এর পর রয়েছে হাঙ্গেরি, চেক রিপাবলিক ও সুইজারল্যান্ড।সিনেটর নান বলেন, ‘পারমাণবিক উপাদান সুরক্ষায় কয়েকটি দেশকে আমরা অভিনন্দন জানাতে পারছি না। আমরা গবেষণায় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক উপাদান সুরক্ষায় দেশগুলোর সর্বজনীন দায়িত্বশীলতাকে প্রাধান্য দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমরা জানি, সন্ত্রাসীরা এই বিপজ্জনক উপাদান পাওয়ার জন্য সেখানেই যাবে, যেখানে এটা ঝুঁকিপূর্ণ থাকবে।’গবেষণায় সংশ্লিষ্ট দেশগুলোকে আরও বেশি পারমাণবিক উপাদান মজুদ না করতে আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিরাপত্তা বাড়ানোরও তাগিদ দেওয়া হয়।আগামী মার্চে দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক নিরাপত্তা নিয়ে সম্মেলন হওয়ার কথা। ওই সম্মেলনের আগে এই গবেষণার প্রতিবেদন প্রকাশ করা হলো। উত্তর কোরিয়া ২০০৬ সালের অক্টোবরে প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। পাকিস্তান পারমাণবিক অস্ত্রের প্রথম পরীক্ষা চালায় ১৯৯৮ সালে। পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আবদুল কাদির খান ২০০৪ সালে স্বীকার করেন, তিনি গোপনে এর কৌশল ইরান, লিবিয়া ও উত্তর কোরিয়ার কাছে বিক্রি করেন। পরে অবশ্য তিনি তা অস্বীকার করেন। এএফপি ও এএনআই।