উ.কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চায় না দ.কোরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা চায় না দক্ষিণ কোরিয়া। দেশটির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে জাতিসংঘের নিন্দা প্রস্তাব চাইলেও তাঁরা নিষেধাজ্ঞা চান না। দক্ষিণ কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী চুন ইয়ুং-উ দুই দিনের সফরে গতকাল মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করার আগে এ কথা বলেন। বার্তা সংস্থা ইয়োনহ্যাপকে চুন ইয়ুং-উ বলেছেন, যুদ্ধজাহাজ ডুবানোর ঘটনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নিন্দা প্রস্তাবে চীনের সমর্থন আদায়ের লক্ষ্যে তিনি বেইজিং সফর করছেন। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপ করা হলে তাতে বাস্তবে কোনো ফল আসবে না, উল্লেখ করে তিনি বলেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ইতিমধ্যে একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু তাতে কোনো ফল হয়নি। এএফপি।