উইকিপিডিয়া চায় শতকোটি গ্রাহক
অনলাইভিত্তিক বিশ্বকোষ উইকিপিডিয়া মুঠোফোনের মাধ্যমে ২০১৫ সালের মধ্যে ১০০ কোটি গ্রাহকের কাছে পৌঁছাতে চায়। উইকিপিডিয়া নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের যোগাযোগবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক জে ওয়ালশ এ কথা জানান।মুঠোফোনের দ্রুত প্রসারের ফলে উইকিপিডিয়ার গ্রাহক বাড়ানোর সুযোগও সম্প্রসারিত হয়েছে। বিশ্বের প্রত্যন্ত অনেক জায়গায় কম্পিউটার এখনো পৌঁছায়নি, কিন্তু মুঠোফোন প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট পৌঁছে গেছে। জাপানের রাজধানী টোকিওতে গত রোববার অনুষ্ঠিত সম্মেলনের এক ফাঁকে ওয়ালশ বলেন, সহজতম প্রযুক্তির মুঠোফোনে উইকিপিডিয়া পৌঁছে দেওয়ার কাজটি রীতিমতো কঠিন। মধ্যপ্রাচ্যের দেশগুলোয় মুঠোফোনে উইকিপিডিয়া ব্যবহারের খরচ কয়েক মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। সংশ্লিষ্ট দেশগুলোর জন্য অর্থের অঙ্কটি বেশ বড়। এই খরচ কমানোর চেষ্টা চলছে এবং সহজতর প্রযুক্তি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।উইকিপিডিয়ার গ্রাহকসংখ্যা বর্তমানে প্রায় ৪৮ কোটি ৩০ লাখ। ফ্রান্সভিত্তিক তথ্যপ্রযুক্তি নির্মাতাপ্রতিষ্ঠান অরেঞ্জ এবং নেদারল্যান্ডসের ভিম্পেলকমের সহায়তায় উইকিপিডিয়া সম্প্রসারণের কাজ চলছে।যুক্তরাষ্ট্রভিত্তিক সেবা প্রতিষ্ঠান মর্গান স্ট্যানলি জানায়, মুঠোফোন ও বহনযোগ্য যন্ত্রের মাধ্যমে ইন্টারনেটের ব্যবহার চলতি বছরের মধ্যেই ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারকে ছাড়িয়ে যাবে। এএফপি।