সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করার জন্য তোপের মুখে পড়েছে অস্ট্রেলিয়ার উইকিলিকস পার্টি।
উইকিলিকস নামে আলোচিত গোপনীয়তাবিরোধী ওয়েবসাইটের পর একই নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। তাঁর বাবা পার্টির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন শিপটনসহ একটি প্রতিনিধিদল গত ২৩ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করে। তারা এ সময় সিরিয়ার জনগণের প্রতি সমর্থন জানায় এবং দেশটিতে পশ্চিমা সামরিক হস্তক্ষেপের ঘোর বিরোধিতার কথা জানায়।
সিরিয়ার প্রেসিডেন্ট গতকাল মঙ্গলবার এক টুইটার বার্তায় ওই বৈঠকের তথ্য প্রকাশ করেন। এর পরই উইকিলিকস পার্টি সমালোচনার মুখে পড়ে।
উইকিলিকসের পক্ষ থেকে গতকাল বলা হয়েছে, বাশারের সঙ্গে বৈঠকের জন্য তাদের কোনো প্রতিনিধিদলকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি।
অস্ট্রেলিয়ার মধ্য-বাম লেবার দলের নেতা ক্রিস বাওয়েন বাশারের সঙ্গে উইকিলিকস নেতাদের ওই বৈঠককে ‘কাণ্ডজ্ঞানহীন’ কাজ বলে মন্তব্য করেছেন। তিনি এ বিষয়ে ব্যাখ্যা দাবি করেন।
জুলিয়ান অ্যাসাঞ্জের বাবা জন শিপটন বলেছেন, সাধারণ সিরীয়দের সমর্থনে তাঁদের দলের পক্ষ থেকে দামেস্কে কার্যালয় খোলার পরিকল্পনা রয়েছে। এএফপি।