অস্ট্রেলিয়ায় আসন্ন সাধারণ নির্বাচনে অন্তত তিনটি অঙ্গরাজ্যের তিন আসনে প্রার্থী দেবে উইকিলিকস পার্টি। গতকাল শনিবার পার্টির পক্ষ থেকে এ পরিকল্পনার কথা ঘোষণা দেওয়া হয়। মার্কিন গোপন কূটনৈতিক বার্তা প্রকাশ করে সারা বিশ্বে হইচই ফেলে দেওয়া উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ গত বছরই ঘোষণা দেন, তিনি সিনেট প্রার্থী হবেন। সুইডেনে প্রত্যর্পণ এড়াতে গত জুন মাসে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। এখনো সেখানেই আছেন অস্ট্রেলিয়ার বংশোদ্ভূত অ্যাসাঞ্জ। দূতাবাসে থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা প্রকাশ করেন তিনি।আগামী ১৪ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।অ্যাসাঞ্জের নবনিযুক্ত নির্বাচনী পরিচালক গ্রেগ বার্নস বলেছেন, এই নির্বাচনে উইকিলিকস পার্টি অন্তত তিনটি আসনে প্রার্থী দেবে। বার্নস আরও বলেন, পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে প্রার্থী হবেন অ্যাসাঞ্জ। ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এ ছাড়া তাঁর একজন রানিং মেটও মনোনীত করা হবে। অন্য আসনে যোগ্য প্রার্থী দেবে উইকিলিকস।সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানির দুটি মামলা রয়েছে। এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সুইডেনে প্রত্যর্পণ করতে চায় যুক্তরাজ্য। কিন্তু অ্যাসাঞ্জের আশঙ্কা, সুইডেনে পাঠানো হলে পরে সেখান থেকে তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে। আর যদি তা-ই হয়, তাহলে কূটনৈতিক নথি ফাঁস করার জের ধরে তাঁকে প্রাণদণ্ড দেবে ওয়াশিংটন। তাঁকে যেন যুক্তরাষ্ট্রে পাঠানো না হয়—এই প্রতিশ্রুতি আদায়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে ইকুয়েডর।তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ায় খুবই জনপ্রিয়। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়ী হতে চান তিনি। এ ব্যাপারে তাঁর পার্টিও আশাবাদী। বার্নস বলেছেন, ‘আশা করি, সিনেটসহ সব কটি আসনে উইকিলিকস পার্টির প্রার্থীরা জয়লাভ করবেন।’ তিনি বলেন, অ্যাসাঞ্জ যাতে নিরাপদে স্বদেশে ফিরতে পারেন, সরকারের উচিত এ ব্যবস্থা করা। ধারণা করা হয়, সিনেট আসনে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে লন্ডনে ইকুয়েডরের দূতাবাস থেকে বেরোনোর পথ খুঁজছেন অ্যাসাঞ্জ। তিনি এই কৌশলে অস্ট্রেলিয়ায় প্রত্যাবর্তনের চেষ্টা করছেন।তবে এ জল্পনা উড়িয়ে দিয়ে বার্নস বলেন, ব্যাপারটি মোটেও এমন নয়। উইকিলিকস পার্টির চেয়ারম্যান অ্যাসাঞ্জের বাবা জন শিপটন বলেন, তাঁর ছেলে রাজনীতির ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। উইকিলিকস পার্টিতে এ সময়ের মধ্যে ৫০০ সদস্য যোগ দিয়েছেন।অ্যাসাঞ্জ প্রতিশ্রুতি দিয়েছেন, যদি সিনেট আসনে জয়লাভ করেন, তাহলে গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে লড়াকু ভূমিকা অব্যাহত রাখবেন তিনি। এএফপি।