উইকিলিকসের নথি সংরক্ষিত হতো ভূগর্ভস্থ সংরক্ষণাগারে
হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত ব্যক্তিদের একজন। রহস্যের আবহে ঢাকা তাঁর ব্যক্তিজীবন ও কর্মকাণ্ড সম্পর্কে জানতে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। তিনি তাঁর ওয়েবসাইটে যেসব তথ্য ফাঁস করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেন, এসব তথ্যের নথি সংরক্ষণ করেন ভূগর্ভস্থ এক সংরক্ষণাগারে, যা পাইয়োনেন হাইসিকিউরিটি কম্পিউটার স্টোরেজ নামে পরিচিত। তাঁর এই আয়োজন গোয়েন্দা ছবি ‘জেমস বন্ড’ সিরিজের কোনো টুকরো ঘটনার কথাই যেন মনে করিয়ে দেয়। উইকিলিকসের যাবতীয় নথি সংরক্ষিত হয়ে আসছিল সুইডেনের স্টকহোমে স্নায়ুযুদ্ধকালের একটি নিউক্লিয়ার বাংকারে। এখানে অন্যান্য প্রতিষ্ঠানের তথ্যও সংরক্ষণ করা হয়। ভূপৃষ্ঠের ১০০ ফুট গভীরে পাইয়োনেন ডেটা সেন্টারে রয়েছে এই সংরক্ষণাগার। আসলে সেটি এক বিশাল গুহা। ভিটা বার্গ পার্কের নিচে গ্রানাইট পাথর খুঁড়ে তৈরি করা হয়েছে গুহাটি। সেখানে তথ্য সংগ্রহ ও সংরক্ষণের জন্য রয়েছে একগাদা কম্পিউটার। সেদিক থেকে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে সেখানকার পরিবেশের মিল রয়েছে। তবে ব্যতিক্রম রয়েছে সাজসজ্জায়। ওই ভূগর্ভস্থ কার্যালয়ে রয়েছে একটি ভাসমান সম্মেলনকক্ষ, রয়েছে ঝুলন্ত কাচের করিডর। ব্যাক-আপ জেনারেটর হিসেবে রয়েছে একটি জার্মান ইউ-বোট (ডুবোজাহাজবিশেষ) ইঞ্জিন।অব্যবহূত ভূগর্ভস্থ ওই পুরোনো গুহাটি ২০০৮ সালে খোলা হয়। এতে নতুন করে নকশার কাজ করে সুইডিশ স্থপতি প্রতিষ্ঠান আলবার্ট ফ্রান্স-ল্যানর্ড। জেমস বন্ডের ছবির শুটিংয়ের জন্য সেট নির্মাণ করে সুনাম অর্জন করেন স্যার কেনেথ অ্যাডামস। তাঁর কাজে অনুপ্রাণিত হয়ে ভূগর্ভস্থ গুহাটির অভ্যন্তরভাগ সাজানোর কাজ সেভাবেই করেন তাঁরা। পরে দেখা যায়, পরিবেশটাতে কেমন জড় ভাব চলে এসেছে। গাছপালার সমাবেশ ঘটিয়ে এতে প্রাণ সঞ্চার করা হয়। উজ্জ্বল সৌরালোক ও কৃত্রিম জলপ্রপাতের মাধ্যমে সজীব রাখা হয়েছে এসব গাছ। সুইডেন ও যুক্তরাষ্ট্রের তীক্ষ নজর এড়াতে একটি মোক্ষম গোপন জায়গা খুঁজছিলেন অ্যাসাঞ্জ। শুরুতে উইকিলিকসের ওয়েবসাইট পরিচালিত হচ্ছিল আমাজন ডটকম ওয়েবসাইট থেকে। মার্কিন রাজনীতিকদের চাপে একপর্যায়ে তারা উইকিলিকসের তথ্য প্রচার বন্ধ করে দেয়। এরপর অ্যাসাঞ্জ একটি ফরাসি প্রতিষ্ঠানের মাধ্যমে তাঁর কর্মকাণ্ড পরিচালনা করতে থাকেন। একপর্যায়ে তারাও মুখ ফিরিয়ে নেয়। শেষে অ্যাসাঞ্জ সুইডেনে শেকড় গাড়ার সিদ্ধান্ত নেন। মত ও তথ্য প্রকাশের স্বাধীনতার দিক দিয়ে সুইডেন শীর্ষ সারির দেশ। সুইডিশ আইন অনুযায়ী তথ্য ফাঁস করার জন্য অ্যাসাঞ্জকে কখনো বিচারের মুখোমুখি হতে হবে না। উইকিলিকসের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে বেশ কয়েকজন ধনাঢ্য ব্যক্তি অনুদান দিয়ে আসছেন। ডেইলি মেইল অনলাইন।