উইকিলিকসের সঙ্গে লেনদেন বন্ধের ঘোষণা ব্যাংক অব আমেরিকার
নতুন নতুন হুমকি সত্ত্বেও উইকিলিকসকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা অস্ট্রেলীয় সাংবাদিক জুলিয়ান অ্যাসাঞ্জ। এদিকে গত শনিবার যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক ‘ব্যাংক অব আমেরিকা’ উইকিলিকসের সঙ্গে লেনদেন বন্ধ ঘোষণা করেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনের যে দুই নারী ধর্ষণের অভিযোগ এনেছেন, তাঁরা অ্যাসাঞ্জকে এইচআইভি-এইডস পরীক্ষা করতে বলেছিলেন। কিন্তু অ্যাসাঞ্জ তা প্রত্যাখ্যান করেন। গত বৃহস্পতিবার কঠোর শর্তে জামিনে মুক্তি পাওয়ার পর পূর্ব ইংল্যান্ডের এক সাংবাদিক বন্ধুর বাসায় অবস্থান করছেন অ্যাসাঞ্জ। ব্যাংক অব আমেরিকার উইকিলিকসের সঙ্গে লেনদেন বন্ধ ঘোষণার খবরে তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটা যুক্তরাষ্ট্রের নতুন ধরনের কূট চাল। উইকিলিকস ও আমার টিকে থাকার জন্য অর্থের প্রয়োজন। আমাকে যুক্তরাষ্ট্র বা সুইডেনে যাতে পাঠানো না হয়, সে জন্য আইনি লড়াই চালিয়ে যেতেও অর্থের প্রয়োজন। তাই তারা এখন আমাদের অর্থের জোগান বন্ধ করে দিচ্ছে।’ তিনি জানান, তাঁকে যুক্তরাষ্ট্র বা সুইডেনে পাঠানোর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতির গোপন নথি প্রকাশ অব্যাহত থাকবে। অ্যাসাঞ্জ বলেন, তাঁর ও উইকিলিকসের কর্মীদের জীবন হুমকির মধ্যে রয়েছে। তার পরও তাঁরা নথি প্রকাশের কাজ চালিয়ে যাবেন। ব্যাংক অব আমেরিকা গত শনিবার বলেছে, ‘আমাদের বিশ্বাস উইকিলিকস এমন কিছু কাজের সঙ্গে জড়িত যা আমাদের অভ্যন্তরীণ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’ এই কারণ দেখিয়ে উইকিলিকসের সঙ্গে লেনদেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক অব আমেরিকা। এর আগে মাস্টারকার্ড, পেপ্যাল, ভিসা ইউরোপসহ বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান উইকিলিকসের সঙ্গে লেনদেন বন্ধ করেছে। প্রসঙ্গত, এর আগে ফোর্বস সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ জানিয়েছিলেন, তাঁদের হাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকের বিপুল পরিমাণ গোপন তথ্য রয়েছে। আগামী বছরের শুরুতে উইকিলিকস এসব গোপন নথি প্রকাশ করবে। এদিকে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান ও ডেইলি মেইল গতকাল রোববার অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। এতে অ্যাসাঞ্জের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, সেই দুই নারী অ্যাসাঞ্জকে এইচআইভি-এইডস পরীক্ষা করাতে বললেও অ্যাসাঞ্জ তা করেননি। পরে তাঁরা পুলিশের শরণাপন্ন হন।বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, মার্কিন কৌঁসুলিরা অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে তাঁর বিরুদ্ধে মার্কিন সেনা ব্র্যাডলি ম্যানিংকে যুক্তরাষ্ট্রের তথ্য চুরিতে উৎসাহ দেওয়ার অভিযোগ আনা হতে পারে। ম্যানিংয়ের মাধ্যমেই উইকিলিকস মার্কিন কূটনীতির গোপন নথিগুলো পেয়েছেন বলে ধারণা ওয়াশিংটনের। মার্কিন সামরিক বাহিনীর গোয়েন্দা বিশ্লেষক ম্যানিংকে গত মে মাসে গ্রেপ্তার করা হয়।